যুক্তরাজ্যের 'স্পাউস ভিসার' শর্ত শিথিল
‘স্পাউস ভিসায়’ স্বামী বা স্ত্রীকে যুক্তরাজ্যে নেওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ের শর্ত অনেকটা শিথিল করেছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র দপ্তর প্রকাশিত নতুন নির্দেশনায় বলা হয়, বিশ্বাসযোগ্য কোনো তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আয়ের শর্ত পূরণ করা যাবে।
আগামী ১০ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। স্পাউস ভিসার আয়ের শর্ত নিয়ে করা এক মামলায় গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে সরকার নিয়মটি শিথিল করল। বিদ্যমান নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করা বা কোনো ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের কোনো দেশ থেকে বিয়ে করে সঙ্গীকে যুক্তরাজ্যে নিতে চাইলে তাঁর বার্ষিক আয় ১৮ হাজার ৬০০ পাউন্ড (প্রায় ১৯ লাখ টাকা) থাকতে হয়।
নতুন নিয়মে বলা হয়েছে, যাঁরা আয়ের শর্ত পূরণ করতে পারছেন না, তাঁরা নিকটাত্মীয় বা কোনো তৃতীয় পক্ষের আর্থিক সহায়তা নিতে পারবেন। কমপক্ষে আড়াই বছরের জন্য ওই সহায়তার নিশ্চয়তা দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, এভাবে শর্ত পূরণ করলে ১০ বছর পর স্থায়ী হওয়ার সুযোগ পাওয়া যাবে।
যুক্তরাজ্যে বসবাসকারী আইনজীবী মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মানবাধিকার বা পারিবারিক জীবনের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন পরিস্থিতিতে এই সুযোগ নেওয়া যাবে। তবে আইনজীবী তারেক চৌধুরী বলেন, তৃতীয় পক্ষের সহায়তা নিলে ৫ বছরের বদলে ১০ বছর পর স্থায়ী হতে হবে—এমন কথা সুপ্রিম কোর্ট বলেননি। ফলে নতুন নিয়মের এই বিষয়টি আদালতে চ্যালেঞ্জ হতে পারে।