যুক্তরাষ্ট্র আমাকে হত্যার ষড়যন্ত্র করছে: মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সাবেক মার্কিন কর্মকর্তা রজার নরিয়েগা ও অটো রিচের বিরুদ্ধে তাঁকে হত্যার পরিকল্পনার অভিযোগ এনেছেন। গত শনিবার টেলিভিশনে এক নির্বাচনী প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ আনেন।মাদুরো বলেন, ‘আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমার বিজয় ঠেকাতে এই হত্যাচেষ্টায় এল সালভাদরের ডানপন্থীরাও জড়িত। পরিকল্পনা বাস্তবায়নে ডানপন্থীরা ইতিমধ্যে ভেনেজুয়েলায় ভাড়াটে খুনি পাঠিয়েছে। তাদের লক্ষ্য আমাকে হত্যা করা।’ ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন মাদুরো। ১৪ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে চাভেজের দলের হয়ে লড়ছেন তাঁরই মনোনীত উত্তরসূরি মাদুরো। আর বিরোধী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেনরিকে ক্যাপ্রিলেস। গত নির্বাচনে প্রয়াত চাভেজের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। মাদুরো আরও বলেন, ‘তারা জানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে হলে তারা জয়ী হতে পারবে না। সে কারণে তারা আমাকে হত্যা করতে চায়।’ এএফপি।