যুক্তরাষ্ট্র-ইইউ সম্পর্কে প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন গোপন কূটনৈতিক কথোপকথন নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। ইউক্রেনের চলমান সংকট নিয়ে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক ও কিয়েভে মার্কিন রাষ্ট্রদূতের গোপন কথোপকথন ফাঁস হওয়ার খবরের পর এই মন্তব্য করলেন তিনি।
গত বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া ফোনালাপে একটি নারী কণ্ঠ ও একটি পুরুষ কণ্ঠ রয়েছে। নারী কণ্ঠটি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড ও পুরুষ কণ্ঠটি ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জিওফ্রে পিয়টের বলে মনে করা হচ্ছে। ওই ফোনালাপে ইউক্রেন নিয়ে ইইউয়ের ভূমিকাকে তাচ্ছিল্য করা হয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউয়ের সম্পর্কে দূরত্ব সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। অবশ্য, নুল্যান্ড কথিত ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে পরে জানায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবার আরেকটি কথোপকথন ফাঁস হলে পরিস্থিতি নতুন মোড় নেয়। দ্বিতীয় কথোপকথনটি দুজন ইইউ কর্মকর্তার বলে মনে হয়েছে। এতে তাঁরা ইউক্রেনে গত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনা দুটি যুক্তরাষ্ট্র-ইইউ সম্পর্কে গভীর ফাটল ধরার ইঙ্গিত বহন করে কি না, এমন প্রশ্নের জবাবে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ‘না, তা নয়। আমরা তাদের (ইইউর) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’ সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা কি সব সময় সব পদক্ষেপের সঙ্গে একমত হন? অবশ্যই না।’ এএফপি ও রয়টার্স।