যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইসলাম শত্রু নয়। যুক্তরাষ্ট্র কখনোই ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নয়। ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার নবম বার্ষিকী উপলক্ষে গত শনিবার পেন্টাগনে এক স্মরণ অনুষ্ঠানে ওবামা এ কথা বলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (টুইন টাওয়ার) এবং ওয়াশিংটনের বাইরে পেন্টাগনে সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রায় তিন হাজার এবং পেন্টাগনে ১৮৪ জন নিহত হয়েছিলেন। চরম বিভক্তি ও চাপা উত্তেজনার মধ্য দিয়ে এবার যুক্তরাষ্ট্রে সেই ১১ সেপ্টেম্বরের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়েছে।স্মরণ অনুষ্ঠানে ওবামা দৃঢ় কণ্ঠে বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনো ইসলামধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। আমরা কখনো ইসলামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পারি না। সেপ্টেম্বরের ওই দিনটিতে কোনো ধর্ম আমাদের ওপর হামলা চালায়নি। ধর্মকে যারা বিকৃত করেছে, সেই আল-কায়েদা ওই হামলা চালিয়েছে।’ বারাক ওবামা এ সময়ে যুক্তরাষ্ট্রের জনগণকে সহনশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, গ্রাউন্ড জিরোর কাছে ইসলামিক সেন্টার নির্মাণের প্রস্তাব এবং এর পক্ষে-বিপক্ষে মিছিলকে কেন্দ্র করে এবার দিবসটি পালনের আগে বেশ উত্তেজনার সৃষ্টি হয় এবং ৯/১১ বার্ষিকী রাজনৈতিক চেহারায় রূপ নেয়।প্রতিবারের মতো এবারও নিহত ব্যক্তিদের স্মরণে ব্যাপক আয়োজন ছিল। সকাল থেকে হাজার হাজার মানুষ গ্রাউন্ড জিরোর কাছে জড়ো হয়। একে একে নিহত ব্যক্তিদের নাম পাঠ করেন অশ্রুসিক্ত স্বজনেরা। তবে এবার নিহত ব্যক্তিদের স্মরণ করতে আসা মানুষের মধ্যে বিভক্তি দেখা গেছে। এক পক্ষ গ্রাউন্ড জিরোর কাছে ইসলামিক সেন্টার নির্মাণকে নিহত ব্যক্তিদের প্রতি অবমাননা বলে স্লোগান দিতে থাকেন। পোস্টার-লিফলেট নিয়ে এ দলটি উপস্থিত হয় গ্রাউন্ড জিরো এলাকায়। অপরদিকে ইসলামিক কেন্দ্র স্থাপনের সঙ্গে ১১ সেপ্টেম্বর হামলার কোনো যোগসূত্র নেই—এমন বক্তব্য ছিল অন্য পক্ষের। উত্তেজনা প্রশমন এবং আন্তধর্মীয় সহিষ্ণুতার জন্য সম্প্রতি ওবামা দেশবাসীর প্রতি কয়েক দফা আহ্বান জানিয়েছেন। সব ধর্মের সব মতের স্বাধীনতা নিশ্চিত করে যে দেশটির প্রতিষ্ঠা; সেখানে কোনো ধর্মের ওপর আক্রমণ করার অবকাশ নেই—এমন কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন ওবামা। যদিও প্রভাবশালী রক্ষণশীলদের উসকানি দেওয়া অব্যাহত রয়েছে। রিপাবলিকান পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন, সাবেক স্পিকার নিউই গিংগ্রিচও ইসলামিক কেন্দ্র স্থাপনের বিপক্ষে প্রকাশ্য বক্তব্য দিচ্ছেন।উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চারটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ঘটনায় আল-কায়েদার ১৯ জন জঙ্গিকে দায়ী করা হয়। তারা দুটি বিমান নিয়ে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালায়। এতে বিমান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং মাটিতে মিশে যায় বিশ্ব বাণিজ্যকেন্দ্রের বিশাল ভবনটি। একটা বিমান নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায় জঙ্গিরা। এতে পেন্টাগনের একাংশের ক্ষতি হয়। অপর বিমানটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। এর আগে গত শুক্রবার মসজিদ নির্মাণের বিষয়টি সমর্থন করে ওবামা বলেন, গ্রাউন্ড জিরোতে কেউ যদি হিন্দুমন্দির বানাতে পারে, তাহলে সেখানে মসজিদ নির্মাণে আপত্তি কেন? ওবামা বলেন, ‘নিউইয়র্কের মসজিদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এ বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করেছি।’ ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্র তার প্রত্যেক নাগরিকের স্বাধীন ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী।