যুক্তরাষ্ট্র ইসলামের সঙ্গে যুদ্ধ করছে না: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ইসলামের সঙ্গে যুদ্ধ করছে না। কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধেও তাঁদের অভিযোগ নেই। কিন্তু সবার উচিত আল-কায়েদা ও এর সহযোগীদের পরাজিত করতে একসঙ্গে কাজ করা। গতকাল বুধবার ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকালই দক্ষিণ কোরিয়ার উদ্দেশে জাকার্তা ছেড়ে যান মার্কিন প্রেসিডেন্ট।প্রেসিডেন্ট ওবামা ইন্দোনেশিয়াকে গণতন্ত্র ও বহুমুখিনতার জন্য উন্নয়নশীল দেশগুলোর উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া আমার একটি অংশ।’ জাকার্তায় ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ছয় হাজার শ্রোতার সামনে বক্তব্য দেন প্রেসিডেন্ট ওবামা। শ্রোতাদের অধিকাংশই ছিলেন ছাত্র।বারাক ওবামা বলেন, ‘আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে না এবং কখনো করবে না। কিন্তু আমাদের অবশ্যই আল-কায়েদা ও এর সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর এটা যুক্তরাষ্ট্রের একার কাজ নয়।’ তিনি বলেন, ‘আমি জানি দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সন্দেহ ও অবিশ্বাসের সম্পর্ক চলে আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি সেই সম্পর্কের ইতিবাচক উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়েছি। এ জন্য আরও কাজ করতে হবে।’ ওবামা বিশ্বের বিভিন্ন স্থানের চরমপন্থীদের পরাজিত করতে ঐক্যবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এবং সোমালিয়া ও ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন প্রেসিডেন্ট ওবামা।ইন্দোনেশিয়ার প্রশংসা করে প্রেসিডেন্ট ওবামা বলেন, দেশটি সন্ত্রাসবাদ নির্মূল ও উগ্র চরমপন্থীদের বিরুদ্ধে যুদ্ধে অনেক অগ্রসর হয়েছে। গণতন্ত্র নিয়ে এগিয়ে চলছে। বক্তব্যের মাঝে মাঝে ইন্দোনেশিয়ার ভাষা ব্যবহার করেন ওবামা। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন ওবামা। পরে তাঁর মা স্ট্যানলে অ্যান ডানহাম ইন্দোনেশিয়ার নাগরিক লোলো সোয়েটোরোকে বিয়ে করেন। ১৯৬৭ সালে মা ও সৎ বাবার সঙ্গে ইন্দোনেশিয়া যান ওবামা। তখন তাঁর বয়স ছিল ছয় বছর। সেখানে তিনি চার বছর ছিলেন। পরে যুক্তরাষ্ট্র ফিরে যান।ওবামা গতকাল বক্তব্য দেওয়ার সময় ইন্দোনেশিয়ায় তাঁর শৈশবের স্মৃতিচারণা করেন। ওবামা বলেন, মা-বাবার সঙ্গে একটি ছোট বাড়িতে থাকতেন তিনি। বাড়ির সামনে একটি আমগাছ ছিল। সেটির কথাও তাঁর মনে পড়ে। শুরু থেকেই ইন্দোনেশিয়ার প্রতি তাঁর ভালোলাগা তৈরি হতে থাকে। ওই সময় ঘুড়ি ওড়াতে ওড়াতে ধানখেতের ভেতর দিয়ে দৌড়ানো, ফড়িং ধরা, পানিতে মোষ ও ছাগলের সঙ্গে দৌড়ানোর চেষ্টা, রাস্তা থেকে ফেরিওয়ালার কাছ থেকে খাবার কেনা—এসব এখনো তাঁর স্মৃতিতে রয়েছে।ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার আগে জাকার্তায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ ইসতিকলাল মসজিদ পরিদর্শন করেন ওবামা। এ সময় স্ত্রী মিশেল ওবামাও তাঁর সঙ্গে ছিলেন। প্রধান ইমাম হাজি আলি মুস্তাফা ইয়াকুব ওবামা ও মিশেলকে মসজিদ চত্বর ঘুরে দেখান।মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা দেন বারাক ওবামা। সেখানে তিনি জি-২০ সম্মেলনে যোগ দেবেন। আজ বৃহস্পতিবার থেকে এই সম্মেলন শুরু হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোটের (এপিইসি) সম্মেলনে যোগ দিতে জাপান যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ওবামার।নয় দিনের এশিয়া সফরের উদ্দেশে ৫ নভেম্বর ওয়াশিংটন ছাড়েন প্রেসিডেন্ট ওবামা। তিন দিনের ভারত সফর শেষে গতকাল ইন্দোনেশিয়া সফর শেষ করেন তিনি। জাপানে এপিইসির সম্মেলনে যোগদান শেষে প্রেসিডেন্ট ওবামার যুক্তরাষ্ট্রে ফেরার কথা। বিবিসি, এএফপি।