যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আলোচনায় অগ্রগতি
নতুন নেতা কিম জং-উন উত্তর কোরিয়ার দায়িত্ব নেওয়ার পর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত প্রথম আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে দেশটিতে নেতৃত্বের পরিবর্তনে তার আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। একজন মার্কিন কূটনীতিক গতকাল শুক্রবার এ কথা বলেছেন।চীনের বেইজিংয়ে দুই দিনের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে গত আট মাসের মধ্যে তৃতীয় আর গত ডিসেম্বরে উত্তর কোরীয় নেতা কিম জং-ইলের মৃত্যুর পর প্রথম।বৈঠক শেষে উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি গ্লেইন ডেভিস গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পরমাণু বিস্তার রোধ, উত্তর কোরিয়ার খাদ্যসহায়তাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।গ্লেইন ডেভিস বলেন, ‘আমি মনে করি, বৈঠকে সামান্যই অগ্রগতি হয়েছে। এটাকেই এখন আমাদের মূল্যায়ন করতে হবে।’ এ আলোচনার অগ্রগতি জানাতে তিনি দক্ষিণ কোরিয়া ও জাপানে যাচ্ছেন বলেও জানান।তবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান অচলাবস্থায় কোনো নাটকীয় সাফল্য পাওয়ার জল্পনা-কল্পনা উড়িয়ে দেন গ্লেইন ডেভিস। তিনি বলেন, ‘যুগান্তকারী সাফল্য’ শব্দটি এখন সুদূরপরাহত। কেউ এ ধরনের শব্দ ব্যবহার করুক, তা তিনি চান না। তিনি আরও বলেন, কূটনীতির ক্ষেত্রে সফলতা ও এগিয়ে যাওয়ার জন্য সেটা সব সময় নাটকীয় হওয়ার দরকার পড়ে না।দেশটির নেতৃত্বে পরিবর্তন এলেও পরমাণু আলোচক দল বা তাদের আলোচনার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন গ্লেইন ডেভিস।মূলত উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ভেঙে পড়া ছয় জাতি আলোচনা আবার শুরু করাই ছিল ওই বেইজিং বৈঠকের লক্ষ্য। ছয় জাতি আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এএফপি ও রয়টার্স।