যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক বন্ধন বাড়ানো জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, যেকোনো ধরনের ভুল পদক্ষেপ এড়াতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক বন্ধন বাড়ানো জরুরি। গতকাল সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। রবার্ট গেটসের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন লিয়াং গুয়াংলি।চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ওবামাসহ মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধের অংশ হিসেবে চীন সফর করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস। যুক্তরাষ্ট্র গত বছর তাইওয়ানের কাছে ৬৪০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দেয়। এর পর থেকে চীনের সঙ্গে ওবামা সরকারের সম্পর্কের অবনতি ঘটে।লিয়াং গুয়াংলির সঙ্গে বৈঠক শেষে রবার্ট গেটস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক বন্ধন না থাকার বিষয়টি সত্যিই ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘পারস্পরিক ভুল বোঝাবুঝি বা ভুল হিসাব-নিকাশ কমিয়ে ফেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে আমরা দৃঢ় অবস্থান নিয়েছি।’ গেটস আরও বলেন, ‘আমাদের দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে দৃঢ় সামরিক বন্ধনের বিষয়টি গুরুত্বপূর্ণ।’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট হু জিনতাও দুই দেশের সামরিক বন্ধন বাড়ানোর পক্ষে রয়েছেন। চীনের সামরিক নেতারা বিশ্বের শক্তিশালী দুই দেশের প্রেসিডেন্টের এই মনোভাব বাস্তবায়নের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।গত রোববার বেইজিংয়ে পৌঁছে রবার্ট গেটস বলেন, ‘আমাদের কিছু বিষয়কে ঝুঁকির মুখে ফেলার ক্ষমতা চীনের রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র নিজের বিভিন্ন কর্মসূচি দিয়ে এর জবাব দিতে পারে।’চীনের প্রতিরক্ষামন্ত্রী গুয়াংলি জানান, আলোচনার মাধ্যমে তাঁরা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আস্থাপূর্ণ ও টেকসই সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছেন। এটা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি কমিয়ে ফেলতে সহায়তা করবে। বিষয়টি যাতে রাজনীতিকে প্রভাবিত না করে, সে ব্যাপারেও একমত হয়েছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।গুয়াংলি বলেন, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাবের বিষয়ে চীন এখনো উদ্বিগ্ন। চীনের সামরিক শক্তি বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, চীন সঠিক পথেই রয়েছে। বেইজিং এখন অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে। এর সঙ্গেই সংগতি রেখে সামরিক উন্নয়ন করা হচ্ছে।বিশ্বে সর্বোচ্চ সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের, যার পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি ডলার। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। সামরিক খাতে চীনের বরাদ্দ দিন দিন বাড়ছে। এ বছর আবারও তা বাড়তে পারে বলে জানা গেছে। বিবিসি ও রয়টার্স।