যুক্তরাষ্ট্র ও জার্মানি পরস্পরের ওপর নজরদারি করবে না বলে সমঝোতা হয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে জার্মান প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকে এ সমঝোতা হয়। জার্মান দৈনিক ফ্রাংকফুর্টার আলগেমাইন-এর রোববারের সংস্করণে (এফএএস) এ খবর প্রকাশ করে।
এফএএস জার্মান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। তবে সরকারের মুখপাত্র এ সমঝোতা সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।
মার্কিন নজরদারির বিরুদ্ধে বিশ্বজুড়েই কঠোর সমালোচনা চলছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনেও আড়ি পাতার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ জার্মানি যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা দাবি করে। পরে পারস্পরিক আস্থা পুনরুদ্ধারে জার্মানির প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যায়।
এফএসএর প্রতিবেদনে বলা হয়, গত বুধবার জার্মান প্রতিনিধিদলের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন শীর্ষস্থানীয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। ওই বৈঠকে তাঁরা পরস্পরের ওপর নজরদারি না করার ব্যাপারে সমঝোতায় পৌঁছান। বৈঠকে জার্মান চ্যান্সেলরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ক্রিস্টফ হিউসজেন ও গোয়েন্দা সমন্বয়ক এবং মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার ও সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা লিসা মনাকো অংশ নেন।
এফএসএর প্রতিবেদনে আরও বলা হয়, জার্মানির গোয়েন্দা সংস্থার প্রধান সোমবার (আজ) মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
ইন্দোনেশিয়ায় নজরদারি: ২০০৭ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জাতিসংঘের জলবায়ুবিষয়ক আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া যৌথ নজরদারি চালিয়েছে বলে গতকাল জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিকগার্ডিয়ান। এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই সময় অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ডিফেন্স সিগন্যালস ডিরেক্টরেট মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে যৌথভাবে নজরদারি চালায়।
জাতিসংঘের প্রতি রুসেফ: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেছেন, ইন্টারনেটে ব্যক্তিগত গোপনীয়তাও মানবাধিকার। অবশ্যই এই অধিকার রক্ষাকে প্রাধান্য দিয়ে জাতিসংঘে আলোচনা হতে হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট গত শনিবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে এই বার্তা দিয়েছেন। নজরদারির বিরুদ্ধে জার্মানির সঙ্গে একটি যৌথ প্রস্তাব জাতিসংঘে পেশ করার পরদিন এই বার্তা দিলেন রুসেফ। এএফপি।