আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কাতারে সমঝোতা আলোচনা চলছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল রোববার এই দাবি করেন। তবে কারজাইয়ের এই দাবি তালেবান ও ওয়াশিংটন উড়িয়ে দিয়েছে।এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, তালেবান এক বছর আগে আলোচনা স্থগিত করেছে। এরপর আর তা শুরু হয়নি। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাবুলে আয়োজিত এক সমাবেশে কারজাই বলেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। প্রতিদিন দুই পক্ষ কাতারে এই আলোচনায় বসছে। ওয়াশিংটন বলে আসছে, আফগানিস্তানে অব্যাহত সংঘাত বন্ধে তাঁরা সে দেশের তালেবানের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় পৌঁছার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তবে এ ক্ষেত্রে অগ্রগতিতে আফগান সরকার ও তালেবানকেই এগিয়ে আসতে হবে। দুই পক্ষের মধ্যে চুক্তি হওয়া দরকার। কারজাইয়ের মন্তব্য সম্পর্কে মার্কিন এক কর্মকর্তা বলেন, ‘এটা একদম ঠিক নয়। আমরা আফগানিস্তানের নেতৃত্বে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতার প্রতি সমর্থন দিয়ে যাচ্ছি।’ কারজাইয়ের দাবি প্রত্যাখ্যান করে আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, স্থগিতের পর এ ধরনের কোনো আলোচনা আর শুরু হয়নি।২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়ার আগেই তালেবানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জোর চেষ্টা করছে কারজাইয়ের সরকার। রয়টার্স।