যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে যাতায়াতের জন্য যুক্তরাষ্ট্রসহ অন্য ন্যাটো সহযোগীদের নিজ দেশের একটি বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়া। দেশটির উলিয়ানোভস্ক শহরে এ বিমানঘাঁটিটি অবস্থিত। মস্কো গত মার্চেই উলিয়ানোভস্ক শহরকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর চলাচলের প্রধান ট্রানজিট হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণা দেয়। গত ২৫ জুন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাশিয়া। তবে এর প্রতিবাদে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিনের এ জন্মশহরে বিক্ষোভ হয়। রুশ কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা গেন্নাদি জুগানভ বলেছেন, রাশিয়ার জন্য এটা ‘অবমাননাকর’। অবশ্য রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, উলিয়ানোভস্ক আগেও যেমন কখনো সামরিক ঘাঁটি ছিল না, ভবিষ্যতেও তা হবে না। একেবারেই অসামরিক উপকরণ পরিবহনের স্বার্থেই এ ট্রানজিটটি ব্যবহার করা হবে। এদিকে রুশ কর্মকর্তা ও ন্যাটো বাহিনী উভয়ই উলিয়ানোভস্ক শহরকে সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলার আশঙ্কা অমূলক বলে উড়িয়ে দিয়েছে। ন্যাটোর মহাসচিব এন্দারস ফগ রাসমুসেন বলেছেন, ‘রাশিয়ায় কোনো ঘাঁটি স্থাপনের ইচ্ছা আমাদের নেই।’ তিনি আরও বলেন, বিভিন্ন অসামরিক উপকরণ পরিবহনের কাজেই এ ট্রানজিটটি ব্যবহার করা হবে। এপি।