যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের অভিন্ন শত্রু হাক্কানি নেটওয়ার্ক: প্যানেট্টা
তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের ‘অভিন্ন শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। পাশাপাশি ভয়ংকর এই জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলায় উভয় দেশকে একসঙ্গে কাজ করে যেতে হবে বলেও ইসলামাবাদকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। আফগানিস্তানে নিযুক্ত বহুজাতিক বাহিনীর ওপর হামলার জন্য গোষ্ঠীটিকে দায়ী করা হয়ে থাকে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে গত শুক্রবার হাক্কানি নেটওয়ার্ক নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা ওই মন্তব্য করে আরও বলেন, পাকিস্তান নিজেও সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার। তিনি বলেন, ‘ সম্প্রতি তেহরিক ই তালেবান (টিটিপি)’র হামলায় পাকিস্তান তার টহলরত ১৭ সেনাকে হারিয়েছে। আর এভাবেই দেশটি নিত্যদিন সন্ত্রাসবাদের শিকার হয়ে চলেছে। তাই আমরা মনে করি, আমাদের অভিন্ন শত্রু রয়েছে। আমরা যদি এই অভিন্ন শত্রুর মোকাবিলায় একত্রে লড়াই করি, তবে তা হবে বুদ্ধিমানের কাজ। তা ছাড়া কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থেই নয় বরং পাকিস্তানের স্বার্থেও ইসলামাবাদকে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’প্যানেট্টা বলেন, ‘আমি মনে করি, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল জন অ্যালেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির কাছ থেকে আশ্বস্ত হয়েছেন, তিনি (কায়ানি) ওই বিষয় অনুধাবন করতে পেরেছেন।’আফগানিস্তান অভিমুখী ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ পথ পাকিস্তানের বন্ধ করে দেওয়া প্রসঙ্গে প্যানেট্টা বলেন, ‘সরবরাহ পথ পুনরায় খুলে দিতে ওয়াশিংটন ইসলামাবাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এ আলোচনা অব্যাহত থাকা একটি ভালো খবর হলেও সংকট সমাধানে এখনো কিছু জটিল বিষয় রয়ে গেছে। তবে উভয় পক্ষের জন্য এ মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো আস্থার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া।’ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের একজন প্রবীণ বিশেষজ্ঞ ও ম্যাক্স বুট মার্কিন কংগ্রেসের এক শুনানিতে সে দেশের আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের অনীহার কারণে ওয়াশিংটনের উচিত তার ড্রোন হামলা অব্যাহত রাখা।’একই শুনানিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক উপপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কিন বলেন, ‘ওই সরবরাহ পথ বন্ধ করে দেওয়ার বিষয়টি আলোচনায় না রাখাই ভালো। এটি নিশ্চিত, বেশ কয়েক মাস ধরে আমাদের প্রধান সরবরাহ পথটি বন্ধ হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের বাহিনীর কাজ চলছে। এ ক্ষেত্রে আমাদের বিকল্প দুটি পথ খোলা রয়েছে, যা আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি। এর একটি হলো আফগানিস্তানের উত্তরে ও অপরটি সরাসরি আকাশপথে।’প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ন্যাটো বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ ওই পথ বন্ধ করে দেয়। পিটিআই।