যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের শীর্ষ আলোচনা ব্যর্থ
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কূটনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক ব্যর্থ হয়েছে। মার্কিন বিমান হামলায় পাকিস্তানের ২৪ জন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করতে অস্বীকৃতি জানানোয় দুই পক্ষের সমঝোতা হয়নি। নিউইয়র্ক টাইমস-এর এক খবরে এ কথা বলা হয়েছে।পত্রিকাটির খবরে বলা হয়, আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মার্ক গ্রসম্যান গত শুক্রবার রাতে কোনো সমঝোতা ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেছেন। এর আগে দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালান তিনি।গত নভেম্বরে আফগান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে মার্কিন সেনারা ওই বিমান হামলা চালায়। এতে পাকিস্তানের ২৪ জন সেনা নিহত হয়। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানি সেনারাই প্রথমে গুলি ছোড়ে। মার্কিন সেনারা এর পাল্টা জবাব দেয়। এ দাবি উড়িয়ে দিয়ে ইসলামাবাদ বলে আসছে, বিনা প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে বিমান হামলা চালিয়ে তাদের সেনাদের হত্যা করা হয়েছে। আফগানিস্তানে প্রায় এক দশক ধরে তালেবানবিরোধী যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সেনারা এই প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে পাকিস্তানি সেনাদের হত্যা করল। এ ঘটনার প্রতিবাদে নভেম্বর থেকেই আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয় ইসলামাবাদ। এর জের ধরে পাকিস্তানকে ১০০ থেকে ৩০০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেনি ওয়াশিংটন।খবরে বলা হয়, নভেম্বরের ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন দুঃখ প্রকাশ করবে কি না, এ নিয়ে বিতর্ক চলছে। কিন্তু ১৫ এপ্রিল আফগানিস্তানের রাজধানী কাবুল ও দেশটির অন্য কয়েকটি শহরে পৃথক হামলার ঘটনার পর পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়েছে।মার্কিন সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, যা বদলে দিয়েছে, তা হলো ১৫ এপ্রিল। মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাক্কানি নেটওয়ার্কের নেতৃত্বে ১৫ এপ্রিল হামলা চালানো হয়।পাকিস্তানি সেনা হত্যার ঘটনায় ওবামা কিংবা তাঁর কোনো শীর্ষ কর্মকর্তা দুঃখ প্রকাশ করবেন কি না, এই নিয়ে বিতর্ক এখনো চলছেই। এদিকে ইসলামাবাদও জোর দিয়ে বলছে, দুঃখ প্রকাশ না করলে ন্যাটোর রসদ সরবরাহের বন্ধ পথ খুলে দেওয়া হবে না। ধারণা করা হচ্ছে, দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানানোর পরও পাকিস্তান যাবে না। মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওয়াশিংটন ও ইসলামাবাদের এই অচলাবস্থার পরিবর্তন শিগগিরই হচ্ছে না। এএফপি।