দীর্ঘ কয়েক দশকের বৈরিতার পর মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন দিকে মোড় নিতে শুরু করেছে। প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে গত সোমবার মিয়ানমার সফর করেন বারাক ওবামা। এতে করে চিন্তিত হয়ে পড়েছে চীন। কেননা, মিয়ানমারের ওপর তাদের প্রভাব কমে যেতে পারে। এত দিন এই প্রভাব ছিল প্রায় একতরফা।দশকের পর দশক ধরে সামরিক জান্তার কবলে থাকা মিয়ানমার যখন বিশ্বসম্প্রদায় থেকে একরকম একঘরে হয়ে গিয়েছিল, তখন তাদের পাশে ছিল চীন। বাণিজ্যিক ও অস্ত্র সহযোগিতার পাশাপাশি জাতিসংঘের নিষেধাজ্ঞার কবল থেকে একের পর এক দেশটিকে রক্ষা করেছে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর এই দেশটি। বিনিময়ে চীনও মিয়ানমারের জান্তাদের কাছ থেকে পেয়েছে সে দেশের তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ। কিন্তু জান্তা গত বছর দেশের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ শিথিল করার সঙ্গে সঙ্গে দেশটির ওপর চীনও কিছুটা প্রভাব হারিয়েছে।মিয়ানমারের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করায় দেশটিতে পশ্চিমা বিনিয়োগে আর বাধা থাকছে না। এতে করে মিয়ানমারের বিশাল বাজার ও প্রাকৃতিক সম্পদ আর চীন বা ভারতের একচ্ছত্র দখলে থাকবে না। এখানে প্রতিযোগিতা শুরু করবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো।মার্কিন প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক মিয়ানমার সফর থেকেই দুই দেশের সম্পর্কের নতুন গতিপথের পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেছে। হংকং বিশ্ববিদ্যালয়ের মিয়ানমার-বিষয়ক বিশ্লেষক রেনাউদ এগরেতিয়াউর মতে, বেইজিংয়ের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমিয়ে আনার পথেই আছে মিয়ানমার। তিনি বলেন, ‘মিয়ানমারের ওপর চীনের একাধিপত্যের দিন শেষ। তবে জোরালো প্রভাব অবশ্যই থাকবে।’চায়না ইনস্টিটিউট অব কনটেম্পোরারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ইউয়ান পেং বলেন, ‘মিয়ানমারের ওপর চীনের প্রভাব ধীরে ধীরে কমায় অসামরিক পদ্ধতিতে এগোবে যুক্তরাষ্ট্র।’বেইজিংয়ের সিংহুয়া বিশ্ব-বিদ্যালয়ের পররাষ্ট্র সম্পর্ক বিশেষজ্ঞ চেন কুই বলেন, ‘চীন ও মিয়ানমারের মধ্যে যে গভীর সম্পর্ক, তা রাতারাতি উধাও হয়ে যাবে না। মিয়ানমার যদি তাদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে সক্ষম হয়, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতে চীনকে কূটনৈতিকভাবে আরও দক্ষতার পরিচয় দিতে হবে।’বিশ্লেষকেরা বলছেন, চীনের কূটনৈতিক আধিপত্য শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিয়ানমারে চরম অসুবিধায় পড়বেন চীনের ব্যবসায়ীরা, যাঁরা মিয়ানমারকেই তাঁদের বাড়িঘর করে তুলেছিলেন।মিয়ানমারের ভিন্নমতাবলম্বী বুদ্ধিজীবী অং কেওয়াও জাও বলেন, ‘জান্তাদের শাসনে দুই দশকের বেশি সময় ধরে মিয়ানমারে চীনা ব্যবসায়ীদের কোনো প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়নি। তাঁরা যেভাবে খুশি ব্যবসা করেছেন।’