ইন্দোনেশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের মধ্যে অবিশ্বাস দূর করতে কাজ করছি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের মধ্যেভুল বোঝাবুঝি ও অবিশ্বাস দূর করতে কাজ করে যাচ্ছেন। সেই প্রচেষ্টা এখনো শেষ হয়নি। পূর্ব জেরুজালেমে ইসরায়েলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনারও সমালোচনা করেন তিনি। গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাষ্ট্রীয় প্রাসাদ ভবনে দেশটির প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। এতে সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। গতকালই ২৪ ঘণ্টার সফরে জাকার্তা পৌঁছান ওবামা।প্রেসিডেন্ট ওবামা বলেন, তিনি মুসলিম বিশ্ব ও পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠা ও তা টিকিয়ে রাখার উদ্যোগ নিয়েছেন। পূর্ব জেরুজালেমে ইসরায়েলের নতুন বসতি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শান্তি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সুসিলো বামবাং বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, জলবায়ু, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আমরা একমত হয়েছি।’ বৈঠকে দুই দেশের সরকারি কর্মকর্তারাও অংশ নেন।হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান, মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতের কারণে প্রেসিডেন্ট ওবামা ইন্দোনেশিয়া সফর সংক্ষিপ্ত করতে পারেন। তবে আজ বুধবার নির্ধারিত বক্তব্য দেবেন তিনি।বাল্যকালে ইন্দোনেশিয়ায় মায়ের সঙ্গে চার বছর কাটান আজকের মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বিদ্যালয়ে যাওয়ার শুরুও সেখানেই। বারাক ওবামার সেই সময়ের বন্ধুরা তাঁকে মনে রেখেছেন গোলগাল, নাদুস-নুদুস চেহারার ‘ব্যারি’ হিসেবেই। ওবামাকে ব্যারি নামেই ডাকতেন বন্ধুরা। ওবামার সঙ্গে একই ক্লাসে পড়তেন সোন্নি গন্ডোকুসোমো (৪৯)। তিনি বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে ওবামার সঙ্গে আমাদের দেখা হয়নি। তবে আমার ধারণা, তিনি আমাদের চিনতে পারবেন।’ ওবামা যে ইন্দোনেশিয়ায় চার বছর কাটিয়েছেন, জাকার্তা বিমানবন্দরে নেমে তা যেন প্রমাণ করারও চেষ্টা করলেন তিনি। বিমানবন্দরে নেমে ইন্দোনেশিয়ার ভাষায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাটালেগয়া জিজ্ঞেস করলেন, ‘কেমন আছেন?’ বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে ইন্দোনেশিয়ার ভাষায় কথা বলেন ওবামা। বিমানবন্দর থেকে তাঁকে রাষ্ট্রীয় ভবনে নিয়ে যাওয়া হয়।রাষ্ট্রীয় প্রাসাদ ভবনে প্রবেশের আগে সেখানে রাখা বইয়ে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ওবামা। মন্তব্য লেখেন, ‘এখানে আসতে পেরে আমি আনন্দিত। আপনাদের দেখতে পেয়ে আমি বিস্মিত হয়েছি!’ প্রেসিডেন্ট ওবামা আজ বুধবার জাকার্তায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ইশতিকলাল মসজিদে যাবেন। সেখানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।প্রেসিডেন্ট ওবামার সফর উপলক্ষে জাকার্তায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর প্রায় সাড়ে আট হাজার সদস্য জাকার্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়। নয় দিনের এশিয়া সফরের উদ্দেশ্যে ৫ নভেম্বর ওয়াশিংটন ছাড়েন প্রেসিডেন্ট ওবামা। তিন দিনের ভারত সফর শেষে গতকাল ইন্দোনেশিয়া পৌঁছান তিনি। ইন্দোনেশিয়া সফর শেষে জি-২০ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোটের (এপিইসি) সম্মেলনে যোগ দিতে জাপান যাওয়ার কথা রয়েছে ওবামার। এএফপি, এপি অনলাইন।