যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রভাব টিকে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিউনিশিয়া ও মিসরের মতো মধ্যপ্রাচ্যের যে দেশগুলো গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে, তাদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে কাজ করতে হবে। সেখানে ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে। ওবামা বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেকেই পশ্চিমাদের সন্দেহ ও অবিশ্বাস করে, এটা মাথায় রেখেই আমাদের এ কাজ করতে হবে।যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। ওয়েস্ট মিনস্টার হলে ব্রিটিশ এমপি ও লর্ডদের উপস্থিতিতে এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভাষণ।মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিরুদ্ধে পশ্চিমারা ষড়যন্ত্র করছে বলে অনেকের অভিযোগ আছে বলে স্বীকার করেন ওবামা। তবে তিনি বলেন, পশ্চিমাদেরও যে স্বার্থের বিষয় আছে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। একই সঙ্গে তাঁদের স্বার্থ ও আদর্শ, স্থিতিশীলতা ও গণতন্ত্রের মধ্যে যেকোনো একটিকে তারা বেছে নেবে, এমন ধারণাকে প্রত্যাখ্যান করেন তিনি।ওবামা বলেন, নতুন নতুন শক্তির উত্থানের পরও বিশ্বের নেতৃত্ব এখনো যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হাতেই রয়েছে। বিশ্বে ‘অপরিহার্যভাবে’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্র দেশগুলোর প্রভাবই টিকে থাকবে।ওবামার ভাষণ শুনতে পার্লামেন্ট ভবনে যুক্তরাজ্যের শীর্ষ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার জন মেজর, টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউন। মার্কিন প্রেসিডেন্ট তাঁর ৩৫ মিনিটের ভাষণে অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক এবং তাদের অভিন্ন মূল্যবোধের ইতিহাস তুলে ধরেন।ভাষণের শুরুতেই গণমাধ্যমকর্মীদের নিয়ে রসিকতা করে ওবামা বলেন, ‘বিশেষ সক্রিয় সংবাদকর্মীরা’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক নিয়ে সব সময় অতিরিক্ত বিশ্লেষণ করেছেন। কিন্তু বাস্তবতা হলো, এই দুটি দেশ ছাড়াও সারা বিশ্বে আরও কিছু রাষ্ট্র আছে, যারা অনমনীয়, দুর্দমনীয়। গণতান্ত্রিক মূল্যবোধ টিকিয়ে রাখতে তাদের তেমন সংগ্রাম করতে হয় না।’বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও কয়েক বছরের সংঘাত কাটিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আবারও দৃঢ় অবস্থানে ফিরে এসেছে বলে জানান ওবামা। ইরাকযুদ্ধের সাফল্য ও আফগানিস্তানযুদ্ধে অগ্রগতির কথা তুলে ধরে এবং ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের সম্পর্কে তিনি বলেন, এর মধ্য দিয়ে আল-কায়েদা বড় ধরনের আঘাত পেয়েছে। ওবামা বলেন, ‘নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অভিন্ন ইতিহাসের নতুন অধ্যায় রচনা করার সময় এসেছে।’চীন ও ভারত পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে শুরু করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের দিন শেষ হয়ে এসেছে বলে অনেকে মনে করেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তা নাকচ করে দিয়ে বলেন, ‘এই দুটি দেশ ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং আমাদের দিন শেষ হয়ে যাবে—সম্ভবত এ রকম একটা বিতর্ক চলছে। কিন্তু এটা ঠিক নয়। এখন আমাদের নেতৃত্ব দেওয়ারই সময়।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের গণতান্ত্রিক মিত্ররাই এমন একটা বিশ্বব্যবস্থা গড়ে, যেখানে নতুন নতুন দেশ উঠে দাঁড়াতে পারে।’ বিবিসি।