যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গুপ্তচর বিনিময় ভিয়েনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি অনুযায়ী রাশিয়ার ১০ জন গুপ্তচরকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। এর বিনিময়ে রাশিয়া পশ্চিমা পক্ষের চার গুপ্তচরকে মুক্তি দিয়েছে। গতকাল শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুই পক্ষের মধ্যে গুপ্তচর বিনিময় হয়। স্নায়ুযুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময়ের ঘটনা এটি।প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক ভিয়েনা থেকে জানান, গুপ্তচরদের বহনকারী দুই পক্ষের দুটি বিমান গতকাল ভিয়েনার বিমানবন্দরে অবতরণ করে। কিছুক্ষণ পরই রাশিয়ার বিমানটি মস্কোর উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। বার্তা সংস্থা এএফপির একজন আলোকচিত্র সাংবাদিক মার্কিন বিমানের বিমানবন্দর ত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। ভিয়েনা থেকে বিবিসি জানায়, এই গুপ্তচর বিনিময়ের ব্যাপারে অস্ট্রিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিয়েনায় বিমানবন্দরের রানওয়েতে বন্দী বিনিময় হয়। আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই অস্ট্রিয়ায় প্রবেশ করেনি। টেলিভিশনে ভিডিওচিত্রে দেখা গেছে, বিমানবন্দরের রানওয়েতে পাশাপাশি দাঁড়িয়ে ছিল বিমান দুটি।গত বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত শুনানি শেষে রাশিয়ার ১০ জন গুপ্তচরকে মুক্তি দেন। শুনানিতে আসামিরা স্বীকার করেন, তাঁরা একটি দেশের পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন। পরে একটি বিমানে এই ১০ জনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। গতকালই তাঁদের রাশিয়া পৌঁছার কথা। ২৭ জুন রাশিয়ার গুপ্তচরদের আটক করে মার্কিন কর্তৃপক্ষ। নিউইয়র্কের আদালতের রায় ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও তাঁদের হাতে আটক পশ্চিমা পক্ষের চারজন গুপ্তচরকে ক্ষমা করেন। মস্কোতে মেদভেদেভের মুখপাত্র খবরটি নিশ্চিত করেন।রাশিয়া থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পরমাণু বিজ্ঞানী ইগর সুতিয়াজিন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে ২০০৪ সালে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। রাশিয়ার সামরিক গোয়েন্দা দপ্তরের কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল। যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০০৬ সালে তিনি দোষী সাব্যস্ত হন। রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা দপ্তরের সাবেক কর্মকর্তা আলেকজান্ডার জ্যাপোরোঝস্কি। ২০০৩ সালে তিনি শত্রুপক্ষের হয়ে কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত হন। সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির সদস্য গেন্নাদি ভাসিলেঙ্কোও একই অভিযোগে দোষী সাব্যস্ত হন।বৃহস্পতিবার নিউইয়র্কে আদালতের রায়ের কিছুক্ষণ পরই মার্কিন ও রুশ পক্ষ গুপ্তচর বিনিময়ের ব্যাপারে মতৈক্যে পৌঁছায়। নিউইয়র্কের আদালত থেকে মুক্তি পাওয়া রুশ গুপ্তচরেরা বিশেষ অনুমতি ছাড়া আর কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে তাঁদের ঘরবাড়ি ও সব সম্পদ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। চুক্তি অনুযায়ী রুশ গুপ্তচরদের পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে রাশিয়ায় যাবেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘এই ১০ জন গুপ্তচরকে আটক করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে তেমন বড় কোনো লাভ হয়নি।’ মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন ধরে তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দাদের তৎপরতায় এ ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে, তা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় একটি সফল সমাধান।’এর আগে ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের বন্দী বিনিময় হয়। ওই সময় মার্কিন সাংবাদিক নিকোলাস দানিলফকে দেশ থেকে বহিষ্কার করে রাশিয়া। বিবিসি, এএফপি, রয়টার্স।