যুক্তরাষ্ট্র চাইলে আফগান যুদ্ধ এড়ানো যেত: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে নয় বছরের এই প্রলম্বিত আফগানিস্তান যুদ্ধ এড়াতে পারত। যুক্তরাষ্ট্র যদি তৎকালীন তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে আলোচনায় যেত, তাহলে এই হানাহানি হতো না, তালেবানদের হাতে সেখানকার হাজার বছরের পুরোনো বামিয়ানের বুদ্ধমূর্তিও ধ্বংস হতো না। যুক্তরাষ্ট্রের হিউস্টনের টেক্সাস সেন্টারে গত শনিবার তিনি এ মন্তব্য করেন। পারভেজ মোশাররফ বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, আমাদের ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে। আমি শুরু থেকেই বলে এসেছি, তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে ভেতর থেকে তাদের মধ্যে পরিবর্তন ঘটাতে হবে।’ তিনি বলেন, আফগানিস্তানে সে সময় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি মিশন থাকলে ওসামা বিন লাদেন ইস্যুর সমাধান করা যেত। মোশাররফ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সে সময় তালেবান সরকারকে স্বীকৃতি দিলে শুধু যে যুদ্ধ এড়ানো সম্ভব হতো তাই নয়, এর ফলে বামিয়ানের বুদ্ধমূর্তিও রক্ষা করা যেত। প্রসঙ্গত, ২০০১ সালের মার্চে তালেবান যোদ্ধারা বামিয়ান পাহাড়ে দেড় হাজার বছর আগে নির্মিত বেলে পাথরের বুদ্ধমূর্তি গুঁড়িয়ে দেয়। মোশাররফ বলেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত কোনো পক্ষের আলোচনাকে যুক্তরাষ্ট্রের দুর্বলতা হিসেবে মনে হতে পারে, তবে তিনি উদারপন্থী তালেবান নেতাদের সঙ্গে আলোচনাকে সমর্থন করেন। নিজ দেশ পাকিস্তানে ফিরে নতুন দল গঠনের এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে মোশাররফ বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, পাকিস্তানে এখন নতুন একটি দলের আত্মপ্রকাশ করার সময় হয়েছে। এর আগে তিনি লন্ডনে তাঁর নতুন দলের নামও ঘোষণা করেন। তিনি বলেছেন, শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং ‘অল পাকিস্তান মুসলিম লিগ’ নামে একটি নতুন দল গঠন করবেন।পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক কামরান রিয়াজ বলেছেন, নতুন দলের তহবিল গঠন করতে মোশাররফ প্রবাসী পাকিস্তানিদের কাছে আর্থিক সহযোগিতা চাইছেন। এ উদ্দেশেই তিনি হিউস্টন সফর করছেন। সেখানে ৭৫ হাজার পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বাস। গত সপ্তাহে তিনি ডালাস সফর করেন। আগামী সপ্তাহে তাঁর যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক, সানফ্রান্সিসকো এবং কানাডার টরন্টো শহর সফর করার কথা রয়েছে। ‘মোশাররফ হত্যার যোগ্য’: পাকিস্তানের কোয়েটায় গত শনিবার একদল আলেম এক সভায় মিলিত হয়ে পারভেজ মোশাররফকে ‘হত্যার যোগ্য’ হিসেবে ফতোয়া দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তৎকালীন মোশাররফ সরকারের নির্দেশে পরিচালিত সেনা অভিযানে নিহত নওয়াব আকবর বুগতির ছেলে ও জাম্বুরি ওয়াতান পার্টির প্রধান নওয়াবজাদা তালাল আকবর বুগতি ওই সভায় সভাপতিত্ব করেন। ওই সভায় লাল মসজিদেও সেনা অভিযানের তীব্র প্রতিবাদ করা হয়। সম্প্রতি তালাল বুগতি ঘোষণা দিয়েছেন, কেউ মোশাররফকে হত্যা করতে পারলে তিনি তাঁকে ১০ লাখ রুপি ও এক হাজার একর জমি পুরস্কার দেবেন। এনডিটিভি অনলাইন।