যুক্তরাষ্ট্র চেয়েছিল মুক্ত থাকুন মেগরাহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লকারবি হামলাকারী আবদেলবাসেত আল-মেগরাহি লিবিয়ার কারাগারে বন্দী থাকার চেয়ে বরং মুক্ত থাকুন—এমনটিই চেয়েছিল যুক্তরাষ্ট্র। গতকাল রোববার ফাঁস হয়ে যাওয়া এ-সংক্রান্ত নথির বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা সানডে টাইমস। সে দেশের আরেকটি পত্রিকা ডেইলি এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালে মেগরাহিকে মুক্তি দেওয়ার বিষয়ে গোপন চুক্তির উদ্যোগ নিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি গ্রামের আকাশে একটি মার্কিন বিমানে বোমা হামলার ঘটনায় ২০০১ সালে মেগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্যানসারে আক্রান্ত মেগরাহিকে গত বছর মুক্তি দেয় স্কটল্যান্ডের বিচার বিভাগ। এক চিঠির বরাত দিয়ে ডেইলি টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, আবদেল বাসেত আল-মেগরাহিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি ছিল। কিন্তু তারা মুক্তির বিষয়টি মেনে নেয়। এ ব্যাপারে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড ও সে দেশের বিচার বিভাগের কাছে লেখা চিঠিতে লন্ডনে মার্কিন দূতাবাসের কর্মকর্তা রিচার্ড লেব্যারন বলেন, স্কটিশ কর্তৃপক্ষ তাদের হেফাজত থেকে মেগরাহিকে মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে থাকলে, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে—বন্দী বিনিময় নয় বরং তাঁকে মানবিক দিক বিবেচনায় মুক্তি দেওয়া হোক। যদিও মুক্তির এই সিদ্ধান্তের তীব্র বিরোধী যুক্তরাষ্ট্র। মেগরাহির মুক্তির আগের দিন এই চিঠি দেন লেব্যারন।২০০৭ সালে স্বাক্ষরিত লিবিয়ার সঙ্গে যুক্তরাজ্যের এক বন্দী বিনিময় চুক্তির আওতায় মেগরাহিকে মুক্তি দেওয়া হয়। তেল-গ্যাস অনুসন্ধানের ব্যাপারে ওই বছরই লিবিয়ার সঙ্গে তেল কোম্পানি ব্রিটিশ পেট্রলিয়ামের (বিপি) একটি চুক্তি হয়। সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, বিপি মেগরাহির মুক্তি নিয়ে তদবির করেছিল। সম্প্রতি মার্কিন সিনেট এ ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে গতকাল ডেইলি এক্সপ্রেস-এর খবরে বলা হয়েছে, মেগরাহিকে কারাদণ্ড দেওয়ার মাত্র দুই বছর পরই ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তাঁর মুক্তির ব্যাপারে একটি চুক্তি করতে লিবীয় নেতা কর্নেল গাদ্দাফির সঙ্গে বৈঠক করেন। গাদ্দাফির সঙ্গে ওই বৈঠকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক উপপরিচালক স্টিফেন ক্যাপেসের সঙ্গে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের গোয়েন্দা স্যার মার্ক অ্যালেনও উপস্থিত ছিলেন। মেগরাহির মুক্তির বিনিময়ে লিবিয়ায় থাকা সন্ত্রাসীদের পেতে চাইছিলেন তারা। এই খবর প্রকাশের পর এখন মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চলমান তদন্তের পরিধি বাড়ানোর দাবি উঠেছে। গত শনিবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, মেগরাহিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু এর সঙ্গে বিপি জড়িত নয়। মার্কিন সিনেট কমিটির প্রধান জন কেরিকে লেখা এক চিঠিতে হগ বলেন, ব্রিটেনের সঙ্গে লিবিয়ার বন্দী বিনিময় চুক্তি সই করা নিয়ে বিপির সঙ্গে ব্রিটিশ কর্মকর্তাদের বৈঠক হয়েছিল ঠিকই। কিন্তু গত বছর মেগরাহিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে বিপির ভূমিকা ছিল, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে স্কটল্যান্ডের বিচারমন্ত্রী কেনি ম্যাকআস্কিল জানিয়েছেন, শুনানির জন্য তিনি মার্কিন সিনেট কমিটির সামনে হাজিরা দেবেন না। মেগরাহিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত তিনিই জানিয়েছিলেন।লিবীয় উপকূলে খননকাজ শুরু করছে বিপি : আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লিবীয় উপকূল থেকে তেল উত্তোলনের জন্য খননকাজ শুরু করবে বিপি। গত শনিবার কোম্পানির মুখপাত্র ডেভিড নিকোলাস বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথম কূপ খননের কাজ শুরু করার আশা করছি আমরা। এতে ছয় মাস বা তার বেশি সময় লাগতে পারে।’ গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে দুর্ঘটনার পর থেকে মার্কিন প্রশাসনের তোপের মুখে রয়েছে বিপি। মেগরাহির মুক্তিতে কোম্পানির জড়িত থাকার অভিযোগ ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এএফপি।