যুক্তরাষ্ট্র-জাপান নিরাপত্তা চুক্তির ৫০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় ঐতিহাসিক নিরাপত্তা চুক্তির ৫০ বছর পূর্ণ হয়েছে গতকাল মঙ্গলবার। কিন্তু দুই পক্ষের মধ্যে সম্প্রতি পারস্পরিক অবিশ্বাস ও অনাস্থার সৃষ্টি হওয়ায় এ নিয়ে কোনো পক্ষ থেকেই তেমন কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি। টোকিওতে সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওয়াশিংটনেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। তবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োকিয়ো হাতোইয়ামা এক বিবৃতিতে বলেছেন, এ চুক্তি জাপানের নিরাপত্তা এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় তাত্পর্যপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৬০ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় জাপান ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। জাপানে বর্তমানে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।মোতায়েন করা মার্কিন সেনাদের অর্ধেকেরও বেশি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় অবস্থান করছে। তবে মার্কিন সেনাদের বিরুদ্ধে নানা কুকীর্তির অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন থেকে সামরিক ঘাঁটিটি স্থানান্তরের দাবি করে আসছে। এএফপি।