যুক্তরাষ্ট্র ড্রোন হামলা বন্ধ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ড্রোন
মার্কিন ড্রোন

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ড্রোন (চালকবিহীন বিমান) হামলা বন্ধ করা হবে না। কারণ, এটি যুক্তরাষ্ট্রের প্রতি হুমকির বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক এক হাতিয়ার।
পাকিস্তানে ‘শিগগিরই’ ড্রোন হামলা বন্ধ হবে—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা বলেছে। গত বৃহস্পতিবার পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কেরি ওই কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কেরির ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকেরা ড্রোন হামলা বন্ধের সময়সীমা সম্পর্কে জানতে চান। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি হুমকির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হাতিয়ার ড্রোন হামলার সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করার কোনো অবকাশ আমাদের নেই।’ তিনি বলেন, ড্রোন হামলা বন্ধের সুনির্দিষ্ট সময়সীমা নেই। তবে এটা স্পষ্ট যে, এই হামলা সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতির ওপর নির্ভর করে।
হার্ফ বলেন, ‘খোলাখুলিভাবে বলা যায়, যেখানে কোনো হুমকি নেই, সেখানে আমরা ড্রোনের ব্যবহার করি না। যেখানে হুমকি আছে, সেখানে লড়াই চালিয়ে যেতে ড্রোন হামলার প্রয়োজন রয়েছে। সেটা বিশ্বের যেকোনো প্রান্তেই হোক।’ ডন।