উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর অবরোধ আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে অনাগ্রহী পরিষদের অন্যতম দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া।
উত্তর কোরিয়ার তেল ও বস্ত্র খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া তারা কিম জং উনের সম্পদ জব্দ এবং উত্তর কোরিয়ার অতিথি কর্মীদের পারিশ্রমিক দেওয়া বন্ধেরও প্রস্তাব দিয়েছে। আগামীকাল সোমবার এ নিয়ে ভোটাভুটি চায় যুক্তরাষ্ট্র। পাস হলে এটি হবে এযাবৎকালের পিয়ংইয়ংয়ের ওপর আরোপ করা সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ ব্যাপারে শুক্রবার বিশেষজ্ঞদের বৈঠক চলাকালে বস্ত্র খাত ছাড়া অন্য বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ-সংক্রান্ত মার্কিন প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া ও চীন।
এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটা খসড়া প্রস্তাব দিয়েছে নিরাপত্তা পরিষদে। সেটি নিয়ে ভোটাভুটি চায় সোমবার। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির ব্যাপারে যে আলোচনার ব্যবস্থা করা হয়, তা অত্যন্ত দ্রুত করা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে বাধ্য করতে উসকানিমূলক তৎপরতা বন্ধ করে পিয়ংইয়ংয়ের ওপর চাপ প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রচেষ্টার ওপরই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
এদিকে গতকাল ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী। গত বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরমাণু পরীক্ষা চালিয়েছিল দেশটি। এবার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হতে পারে বলে আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া।