যুক্তরাষ্ট্র থেকে কানাডায় শরণার্থী হিসেবে ঢুকলে

যুক্তরাষ্ট্র-কানাডা আধুনিক সীমানা কার্যক্রম নীতির আওতায় ২০০২ সালের ৫ ডিসেম্বর ‘নিরাপদ তৃতীয় রাষ্ট্র চুক্তি’ (সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট) নামে একটি চুক্তি সই করেছে। ২০০৪ সালের ২৯ ডিসেম্বর থেকে এই চুক্তি বলবৎ হয়েছে। এই চুক্তির আওতায় শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থীরা এই দুটি দেশের মধ্যে প্রথম যে দেশে পৌঁছাবেন, সে দেশেই তাঁকে আশ্রয় চাইতে হবে। দ্বিতীয় দেশে আশ্রয় চাওয়া যাবে না যদি তিনি চুক্তিতে উল্লিখিত ‘ব্যতিক্রম’-এর অন্তর্ভুক্ত না হন। এখন পর্যন্ত কানাডা সরকার তাদের দেশের ‘অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন’ (ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট)-এর ১০২ ধারার আওতায় শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই এ ধরনের চুক্তি সই করেছে।
এই চুক্তি কোথায় প্রয়োগ করা হয়
নিরাপদ তৃতীয় রাষ্ট্র চুক্তি প্রয়োগ করা হয় সেই শরণার্থীদের বেলায় যাঁরা যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশের অনুমতি চাইতে—
১. কানাডা-যুক্তরাষ্ট্র স্থলসীমান্তে (ল্যান্ড বর্ডার) সড়কপথে পৌঁছান; অথবা
২. কানাডা-যুক্তরাষ্ট্র স্থলসীমান্তে রেলপথে পৌঁছান; অথবা
৩. যুক্তরাষ্ট্র থেকে অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর বিতাড়িত (ডিপোর্টেড) হওয়ার পথে কানাডার বিমানবন্দরে ট্রানজিটের জন্য আকাশপথে পৌঁছান।
অর্থাৎ আপনি যদি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করে থাকেন, অথবা আপনার অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন যদি যুক্তরাষ্ট্রে চলমান থাকে তাহলে কানাডা-যুক্তরাষ্ট্র স্থলসীমানায় সড়ক বা রেলপথে পৌঁছালে অথবা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার পথে কানাডার বিমানবন্দরে ট্রানজিটের জন্য আকাশপথে পৌঁছালে আপনি নিচে উল্লিখিত ব্যতিক্রমের আওতায় না পড়লে কানাডায় অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করতে পারবেন না। আর আপনি যদি ভিসা নিয়ে কানাডার বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আকাশপথে পৌঁছান, তবে আপনি কানাডায় অ্যাসাইলাম বা আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন, তখন আর নিম্নে উল্লিখিত ব্যতিক্রমের আওতায় পড়তে হবে না।
এই চুক্তির ‘ব্যতিক্রম’ কোথায় হয়
বিভিন্ন ক্ষেত্রে এই চুক্তি প্রয়োগের ক্ষেত্রে ব্যতিক্রম নীতি অনুসরণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো—
১. পারিবারিক সদস্য ব্যতিক্রম নীতি (ফ্যামিলি মেম্বার অ্যাক্সেপশন রুল)-শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থীর স্বামী/স্ত্রী, বাবা/মা, সন্তান, দাদা/দাদি/নানা/নানি অথবা চাচা/মামা/খালা/ফুফু/ভাতিজা/ভাতিজি/ভাগনে/ভাগনি যদি কানাডার নাগরিক/স্থায়ী অধিবাসী হন অথবা তাঁর যদি বৈধভাবে কানাডায় কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট অথবা পড়াশোনার অনুমতি বা স্টাডি পারমিট থাকে, অথবা ওই ব্যক্তি যদি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড অব কানাডা কর্তৃক ইতিমধ্যে শরণার্থী হিসেবে গৃহীত হয়ে থাকেন অথবা বিবেচনাধীন থাকেন।
২. একাকী অপ্রাপ্তবয়স্ক নীতি (আনঅ্যাকম্পানিড মাইনর এক্সেপশন রুল)-এর আওতায় শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থী যদি ১৮ বছরের কম বয়সী ও অবিবাহিত হয়, আশ্রয় প্রার্থনার সময় তার সঙ্গে যদি তার বাবা-মা বা কোনো আইনগত অভিভাবক না থাকে অথবা তার বাবা-মা বা কোনো আইনগত অভিভাবক যদি যুক্তরাষ্ট্র বা কানাডায় না থাকে।
শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থী ব্যক্তি যদি এই ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হয়েও থাকেন, তবু তাঁকে কানাডার ইমিগ্রেশন আইনের নিরাপত্তা খাত, গুরুতর অপরাধের মতো অন্যান্য যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
সীমান্তে বর্ডার সার্ভিসের একজন কর্মকর্তা আপনার সব কাগজপত্র, পরিচয়, সঙ্গে থাকা মালামাল যাচাই-বাছাই এবং ছবি তোলা ও আঙুলের ছাপের মতো আনুষঙ্গিক কাজ শেষ করে আপনাকে দ্বিতীয় একজন কর্মকর্তার কাছে পাঠাবেন। ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের কাছে আপনার মামলাটি স্থাপন করা যায় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে এর আগে আপনার বিরুদ্ধে একটি বিতাড়ন আদেশ (রিমুভাল অর্ডার) প্রদান করা হবে। আপনার মামলাটি যদি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের কাছে প্রেরণ করা হয় তখন এই রিমুভাল অর্ডারটি স্থগিত থাকবে এবং সেখানে আপনাকে আপনার আশ্রয়ের আবেদনের যথার্থতা প্রমাণ করতে হবে। ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডে আপনার মামলা চলমান থাকাকালে আপনি কানাডায় থাকতে পারবেন। মামলার সিদ্ধান্ত বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে ইতিমধ্যে জারি হওয়া বিতাড়ন আদেশ সঙ্গে সঙ্গে বলবৎ যোগ্য হবে। আর আপনার মামলাটি যদি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের কাছে প্রেরণ করা না হয়, তাহলেও এই বিতাড়ন আদেশ সঙ্গে সঙ্গে বলবৎযোগ্য হবে এবং আপনাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে।
বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেল কোনো রকম আইনি পরামর্শ নয়। এটি কেবল কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির ওয়েবসাইটে প্রদর্শিত এ-সংক্রান্ত তথ্যের সন্নিবেশ মাত্র।
লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল, নিউইয়র্কপ্রবাসী
সেল: (৯২৯) ৩৯১-৬০৪৭; ই-মেইল: [email protected]