যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হতে চান তাঁরা!
যুক্তরাষ্ট্র থেকে নিজেদের অঙ্গরাজ্যকে পৃথক করতে এক লাখের বেশি মার্কিন হোয়াইট হাউসে আবেদন করেছেন। বারাক ওবামা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁরা এই আবেদন করলেন। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে কোনো মন্তব্য করা হয়নি।অন্তত ২০টি অঙ্গরাজ্যের জনগণের স্বাক্ষরিত ২০টির বেশি আবেদন হোয়াইট হাউসের ‘উই দ্য পিপল’ ওয়েবসাইটে দেওয়া হয়। ৬ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যগুলোর অধিকাংশেই বিজয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি।যুক্তরাষ্ট্রের সংবিধানে কোনো অঙ্গরাজ্যকে আলাদা করা বা বের করে দেওয়ার কোনো বিধান নেই।টেক্সাস অঙ্গরাজ্যকে আলাদা করার আবেদনে অন্তত ২৫ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্য থেকে বিজয়ী হন রমনি। তিনি ওবামার চেয়ে ১৫ শতাংশ বেশি ভোট পান।আবেদনকারীরা অভিযোগ করেছেন, নির্বাচনের ফলাফলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর জনগণের অধিকার ‘সুস্পষ্টভাবে লঙ্ঘিত’ হয়েছে। বিবিসি।