যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের জরুরি আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীরা অঙ্গীকার করেছেন, তাঁরা পারস্পরিক গোয়েন্দা তথ্যবিনিময় জোরদার করবেন। কনফারেন্স কলের মাধ্যমে এক যৌথ আলোচনায় যুক্তরাষ্ট্র তার এ দুই এশীয় মিত্র দেশকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উত্তর কোরিয়া গত রোববার কুসং শহরের কাছাকাছি এলাকা থেকে জাপান সাগরে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। জাতিসংঘও তাদের এই পদক্ষেপের নিন্দা করেছে। উত্তর কোরিয়া ২০০৬ সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে এ পর্যন্ত দেশটির ওপর জাতিসংঘ পাঁচ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘ সনদের বড় লঙ্ঘন আখ্যা দিয়ে দেশটির ওপর আরোপিত অবরোধ দ্বিগুণ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
এই উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ বলেছে, আগামী মাসে তাদের সামরিক মহড়ায় মার্কিন যুদ্ধবিমান এফ ২২ এবং একটি পারমাণবিক শক্তিধর ডুবোজাহাজ অংশ নেবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মহড়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৌশলগত সরঞ্জাম যুক্ত হবে।
জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আহ্বানে নিরাপত্তা পরিষদ গত সোমবার রাতে জরুরি বৈঠক ডাকে।
উত্তর কোরিয়া গত সেপ্টেম্বরে নিজেদের পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালায়। জবাবে নিরাপত্তা পরিষদ তাদের বিরুদ্ধে গত ডিসেম্বরে একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করে। এটি পুরোপুরি বহাল হলে দেশটির কয়লা ও ধাতব পণ্যসামগ্রী রপ্তানি ব্যাপক বাধার মুখোমুখি হবে। তবে পিয়ংইয়ংয়ের এবারের ‘সফল’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তাৎপর্য আলাদা। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর কমিউনিস্ট দেশটির এটিই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্রের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশনের বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া বার্গার বলেন, এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র প্রকল্পে একধাপ এগিয়ে গেল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে একটি ‘বড় সমস্যা’ হিসেবে বর্ণনা করেছেন। সোমবার কানাডার সফররত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের সামর্থ্য আমাদের আছে। আর আমরা নিজেদের এবং মিত্র দেশগুলোর ওপর যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’
উত্তর কোরিয়ার প্রতিবেশী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেই ছিলেন। পরে দুই নেতাই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার যৌথ প্রচেষ্টার অঙ্গীকার করেন।