যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধের’ হুমকি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে ‘পবিত্র যুদ্ধ’ শুরু করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। আগামীকাল সোমবার থেকে এ মহড়া শুরু হওয়ার কথা। দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিশন (এনডিসি) গতকাল শনিবার এ-সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণে এ মহড়াটিকে ‘যুদ্ধের নীরব ঘোষণা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এনডিসি জানায়, ‘ক্ষমার অযোগ্য’ এই মহড়া উত্তর কোরিয়ার সেনাবাহিনী ও জনগণ প্রতিহত করবে।উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জংয়ের ছেলে কিম জং-উনের ক্ষমতা গ্রহণের পর দেশটির পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্যের এটি সর্বশেষ নজির। পিয়ংইয়ংয়ের জলসীমানায় কোনো গোলা এসে পড়লে ‘নির্দয় পাল্টা আঘাত’ হানা হবে বলে গত সপ্তাহে হুমকি দেয় উত্তর কোরিয়া। কিম জং গত ১৭ ডিসেম্বর হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।যৌথ মহড়াটি ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে। নৌ, স্থল ও বিমানবাহিনী পৃথকভাবে আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মহড়া চালাবে।এনডিসির বিবৃতিতে বলা হয়, দেশটির সার্বভৌম মর্যাদা লঙ্ঘন করতে দুর্বৃত্তরা এই যৌথ মহড়ার উদ্যোগ নিয়েছে। যুদ্ধের কৌশলগত মহড়া পরিচালনার অর্থ যুদ্ধের নীরব ঘোষণা। এর পাল্টা জবাব দেওয়া হবে।এনডিসি জানায়, ‘যুদ্ধের উসকানি দেওয়ার জন্য ‘মার্কিন সাম্রাজ্যবাদীরা’ দায়ী। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর সামর্থ্য রয়েছে উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্র এককভাবে পারমাণবিক অস্ত্রের ওপর অধিকার রাখে না। উত্তর কোরিয়ার ভান্ডারে এমন পরমাণু অস্ত্র রয়েছে, যা মার্কিন অস্ত্রের চেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক। দূরবর্তী অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপদ মনে করলে তা হবে দুঃখজনক ভুল। আগ্রাসনকারীদের পর্যুদস্ত করতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ও জনগণের সামর্থ্য সীমিত নয়।সিউলের দংগুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিম ইয়ং-হুন বলেন, উত্তর কোরিয়ার এ বিবৃতির লক্ষ্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ওপর চাপ বাড়ানো এবং উত্তর কোরিয়ার জনগণের মধ্যে সংহতি দৃঢ় করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপকে সামনে রেখে উত্তর কোরিয়ার এই উসকানিমূলক বক্তব্য অপ্রত্যাশিত।যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের মধ্যে ছয় জাতির সংলাপ পুনরায় শুরুর ব্যাপারে চলতি মাসে সমঝোতা হয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে এ সংলাপ হবে। এএফপি।