যুক্তরাষ্ট্র-পাকিস্তান পারমাণবিক চুক্তি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আসন্ন বৈঠকে কোনো পারমাণবিক চুক্তি হবে না। তবে এ নিয়ে আলোচনা হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব জোস আর্নেস্ট গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর ডনের।
নওয়াজ শরিফ ২০ অক্টোবর ওয়াশিংটন যাচ্ছেন। বারাক ওবামার সঙ্গে তাঁর আলোচনা হবে ২২ অক্টোবর।
এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর বেরোয়, সফরকালে যুক্তরাষ্ট্র নওয়াজ শরিফকে একটি চুক্তি করার প্রস্তাব দেবে, যাতে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) পাকিস্তানের প্রবেশের দরজা খুলে যাবে। এর আগে ২০০৫ সালে ভারতের সঙ্গে এই চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র।
এনএসজি একটি বহুজাতিক পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা। পরমাণু অস্ত্র উন্নয়নের ক্ষেত্রে উপাদানের রপ্তানি, নিয়ন্ত্রণ ও বিদ্যমান উপাদানের সুরক্ষার মাধ্যমে এই সংস্থা পরমাণু অস্ত্র সম্ভারের হ্রাস করার কাজে নিযুক্ত।