যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক জোড়া লাগাতে কাজ করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমন করে তিনি দুই দেশের মধ্যে দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে পারেন। নিউজউইক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল এ কথা বলেন।সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বিলাওয়ালের এ সাক্ষাৎকার নেন নিউজউইক-এর প্রতিনিধি এলিনর ক্লিফট। এ সময় বিলাওয়াল পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল সম্পর্কের ক্ষেত্রে ইসলামাবাদের অবস্থানও তুলে ধরেন। আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে সাহায্যকারী চিকিৎসক শাকিল আফ্রিদির বিষয়ে বিলাওয়াল বলেন, প্রতিটি দেশে বিদেশি গোয়েন্দা বাহিনী এমনকি বন্ধুপ্রতিম দেশটিকেও সহযোগিতা করা বেআইনি। তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রচেষ্টার পর পাকিস্তানে একটা স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।মা বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের ব্যাপারে বিলাওয়াল বলেন, ‘২০০৭ সালের ২৭ ডিসেম্বর ওই দিনটিতে আমি রাতারাতি বড় হয়ে যাই।’লন্ডন কিংবা দুবাইয়ের মতো বিলাসী জীবন ছেড়ে কেন পাকিস্তানের মতো একটা ঝুঁকিপূর্ণ দেশে ফিরে এলেন—এমন প্রশ্নে বিলাওয়াল তাঁর মায়ের মতোই জবাব দেন। তিনি বলেন, ‘আমি নিজে এ জীবন বেছে নিইনি। আমাকেই এ জীবন বেছে নিয়েছে। আমি মায়ের মৃত্যুকে নিষ্ফল হতে দিতে পারি না।’ তিনি মায়ের নামে একটি ফাউন্ডেশন চালুর কথা জানিয়েছেন। এই ফাউন্ডেশন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতিত নারীদের আশ্রয় ও আইনি সহযোগিতা দেবে।অন্য অনেক তরুণের মতো বিলাওয়ালও মার্কিন প্রেসিডেন্ট ওবামার মধ্যে প্রেরণা খুঁজে পান। তবে ওবামার কায়রো ভাষণের পর তার বাস্তবায়ন নিয়ে হতাশ বিলাওয়াল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাপারে সাধারণ পাকিস্তানিদের মনোভাব ভালো নয় এবং তা প্রতিটি ড্রোন হামলার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হয়। ডন।