যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গত শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন বলে ওয়াশিংটনে অবস্থিত ইয়েমেন দূতাবাস দাবি করেছে। তবে পর্যবেক্ষকদের ধারণা, চিকিৎসার আড়ালে ইয়েমেন প্রেসিডেন্টের সফরের মূলে আছে ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া আরও সহজ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা। এ জন্য এ সফরকে সংবেদনশীল রাজনৈতিক সফরও বলছেন পর্যবেক্ষকেরা। গত রোববার থেকেই প্রেসিডেন্ট সালেহ সপরিবারে ওমানে অবস্থান করছিলেন। ওমান থেকেই তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তবে যুক্তরাষ্ট্রের পথে বিমানের জ্বালানি সংগ্রহের জন্য লন্ডনের বাইরে স্ট্যানসটেড বিমানবন্দরে দীর্ঘ যাত্রাবিরতি দেন তিনি।ওয়াশিংটনে ইয়েমেন দূতাবাসের মুখপাত্র মোহাম্মদ আলবাসা এক বিবৃতিতে বলেছেন, ‘চিকিৎসা নিতে সংক্ষিপ্ত সফরে প্রেসিডেন্ট সালেহ শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র পৌঁছেছেন।’তবে প্রেসিডেন্টের সফরসূচির বিবরণ এবং যুক্তরাষ্ট্রের কোথায় তিনি অবস্থান করছেন, নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করা হয়নি। যদিও একটি ব্রিটিশ সূত্র দাবি করেছে, প্রেসিডেন্টের গন্তব্যস্থল নিউইয়র্ক।এদিকে বিভিন্ন গণমাধ্যমে নিউইয়র্কের প্রেসবিটিরিয়ান হাসপাতালে সালেহ চিকিৎসা নেবেন—এমন খবর প্রচার হলেও হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। ওই হাসপাতালের মুখপাত্র ক্যাথি রবিনসন বলেন, ‘প্রেসিডেন্ট এখন পর্যন্ত আমাদের রোগী নন।’গত বছরের জুনে রাজধানী সানায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে অবস্থানকালে বোমা হামলায় গুরুতরভাবে আহত হন সালেহ। ওই আঘাতের পর তিনি সৌদি আরবে চিকিৎসা নেন।তিন দশকের বেশি সময় ধরে ইয়েমেনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আলী আবদুল্লাহ সালেহের বিরুদ্ধে গত বছরের শুরুর দিকে দেশজুড়ে প্রবল গণ-আন্দোলন শুরু হয়। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী বিক্ষোভের পর গত নভেম্বরে তিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে রাজি হন। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে তিনি ক্ষমতা থেকে বিদায় নেবেন। ওই মাসেই দেশে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি।