যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার ও হেনস্তার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যকার তিক্ত সম্পর্ক পুনরুদ্ধারে সময় লাগবে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা।
টাইম সাময়িকীর আন্তর্জাতিক সম্পাদক ঈশান থারোর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১৯৯৮ সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কের অবনতি হয়েছিল। ওই ঘটনার পর এবার দেবযানীকে নিয়ে গণতান্ত্রিক বড় দুটি দেশের মধ্যকার সম্পর্ক স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
গৃহকর্মীর ভিসা আবেদনে মজুরি নিয়ে মিথ্যা তথ্য দেওয়া এবং তাঁকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান। ভারত দেবযানীর কূটনৈতিক দায়মুক্তি বা ছাড়ের দাবি পরিত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এরই প্রেক্ষাপটে মার্কিন ফেডারেল আদালতের গ্র্যান্ড জুরি দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাঁকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেন।
এ ঘটনার পর খোবরাগাড়েকে কনস্যুলেট থেকে সরিয়ে জাতিসংঘের দূত হিসেবে পাঠানোর ভারতীয় অনুরোধ গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র। একজন কনস্যুলার কর্মকর্তা যতটুকু দায়মুক্তি অধিকার ভোগ করেন, এটি ছিল তার চেয়েও বেশি। তখন ওয়াশিংটন ভারত সরকারের কাছে দেবযানীর দায়মুক্তির দাবি প্রত্যাহারের অনুরোধ জানায়। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে। এর পর যুক্তরাষ্ট্র তাঁকে দেশটি ছাড়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্রের আইন কর্মকর্তারা বলেছেন, দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ বহাল থাকবে এবং কূটনৈতিক ছাড় বাদে যুক্তরাষ্ট্রে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।
দেবযানীর বিরুদ্ধে মার্কিন আদালতে দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দুটি হচ্ছে, ভারত থেকে নিয়ে যাওয়া নিজ গৃহকর্মী সংগীতা রিচার্ডের বেতনের ব্যাপারে ভুয়া তথ্য দেওয়া এবং ভিসা জালিয়াতি করা। গ্রেপ্তারকালে প্রকাশ্যে তাঁকে হাতকড়া পরানো হয়। সাধারণ অপরাধীদের মতো তাঁকে বিবস্ত্র করে তল্লাশিও করা হয়। তবে দেবযানী কোনো ধরনের অনিয়ম করার কথা অস্বীকার করেন।
দেবযানীকে ‘হেনস্তা’ করার ঘটনায় ভারতজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানায়। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, দেবযানীকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে অনড় থাকে যুক্তরাষ্ট্র। এর জের ধরে দুই দেশের সম্পর্কে ব্যাপক তিক্ততার সৃষ্টি হয়। দুই দেশের সম্পর্কের এতটাই অবনতি হয় যে দেবযানীকে গ্রেপ্তারের ঘটনার পর দিল্লি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়।
সরকারের তরফ থেকে বলা হয়, দূতাবাস অঙ্গনে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এ ছাড়া যানবাহন চলাচলসংক্রান্ত বিধি অমান্য করলে দূতাবাসের গাড়িগুলোকেও দণ্ড পেতে হবে। একই সঙ্গে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত ক্লাব বন্ধের নির্দেশ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ছাড়ার অনুরোধ জানানোর পর গত সপ্তাহে পরিবার ছেড়ে দেশে ফেরেন দেবযানী। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের নির্দেশ মেনে নয়াদিল্লির মার্কিন দূতাবাসের তাঁর সমমর্যাদার একজন কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর দুই দেশের মধ্যে চলমান বিবাদের অবসান হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ফেলো পারসিস খামবাত্তার মতে, এ ঘটনা আমাদের বুঝিয়ে দিয়েছে যে, দুই দেশ পরস্পরকে খুবই ভিন্ন চশমায় দেখে। এটা মোটেই কোনো ভালো দৃশ্য নয়।
ওয়াশিংটনভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউশনের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ সদানন্দ ডুমির মতে, দুই দেশের মধ্যকার বিরোধ কতদূর গড়ায় তা বলা মুশকিল।
ঘটনা প্রসঙ্গে ওয়াশিংটনভিত্তিক ভারতীয় সাংবাদিক সীমা শ্রেয়সী বলেন, দেবযানী দোষী কি না, এ ব্যাপারে কেউ প্রশ্ন তুলছে না। কিন্তু তাঁর প্রতি যে আচরণ করা হয়েছে, তা ঠিক ছিল না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এক সাক্ষাত্কারে অভিযোগ করেন, ঘটনার সময় ভারতের পররাষ্ট্রসচিব ওয়াশিংটনে অবস্থান করছিলেন। কিন্তু এ বিষয়ে তখন যুক্তরাষ্ট্র কিছুই জানায়নি। তখনই পদক্ষেপ নিলে উদ্ভূত সংকট দ্রুতই মিটে যাওয়ার সম্ভাবনা ছিল।
ভারতের ভূ-রাজনৈতিক বিশ্লেষক ব্রহ্মা চেলানির মতে, একই কারণে চীনা বা রাশিয়ার কোনো কূটনীতিককে গ্রেপ্তার বা বিবস্ত্র তল্লাশি করার সাহস যুক্তরাষ্ট্রের নেই। কারণ এর প্রতিক্রিয়া হবে তাত্ক্ষণিক ও মারাত্মক। সে তুলনায় যুক্তরাষ্ট্রের ব্যাপারে ভারত নম্র গোছের পদক্ষেপই নিয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক।
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউশনের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ সদানন্দ ধুমের মতে, দেবযানীকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলে পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে বলে প্রতীয়মান হবে।
তবে দুই দেশের মধ্যে বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়া ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লেগে যাবে বলে মত দিয়েছেন সাংবাদিক সীমা শ্রেয়সী।