যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল দেবযানী খোবরাগাড়েকে সসম্মানে ভারতে ফিরিয়ে না আনা পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ পার্লামেন্টে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। দেবযানীর ঘটনা নিয়ে গতকাল বুধবার পার্লামেন্টে উভয় কক্ষ উত্তাল হয়ে উঠলে রাজ্যসভায় সালমান এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, দেবযানীকে নিয়ে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দাজনক। দলমত-নির্বিশেষে সবাই যুক্তরাষ্ট্রের আচরণের নিন্দা করে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণের জন্য চাপ দিতে থাকেন। অবশ্য শেষ পর্যন্ত নিন্দা প্রস্তাব গৃহীত হয়নি। সরকার ও বিরোধী দলের সদস্যরা বলেন, সরকারকে দৃঢ়ভাবে এর মোকাবিলা করতে হবে। ভারতে মার্কিন দূতাবাস ও কর্মীদের বিরুদ্ধে পাল্টা যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সদস্যরা তাও অনুমোদন করেন।
দেবযানীকে গতকাল জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে নেওয়া হয়েছে। ফলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাঁর কূটনৈতিক রক্ষাকবচ আরও বেড়ে যাবে।
লোকসভায় লোকপাল বিল পাসের পরই বিরোধী নেত্রী সুষমা স্বরাজ দেবযানী প্রসঙ্গ তোলেন। রাজ্যসভায় প্রসঙ্গটি তোলেন অরুণ জেটলি। এরই মধ্যে বিএসপি নেত্রী মায়াবতী অভিযোগ তোলেন, দেবযানী দলিত বলেই এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকার গড়িমসি করেছে। তিনিসহ প্রায় সব দলের সদস্যরাই সরকারের কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান।
সদস্যদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন সালমান। তিনি বলেন, দেবযানী চক্রান্তের শিকার। যুক্তরাষ্ট্র যা করেছে, তা অবাঞ্ছিত। সরকার দেবযানীর পক্ষে সব শক্তি নিয়ে দাঁড়িয়েছে। দেবযানীকে সসম্মানে ভারতে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি পার্লামেন্টে ঢুকবেন না।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানান, দিল্লিতে মার্কিন দূতাবাসে নিরাপত্তাব্যবস্থা বিন্দুমাত্র কমানো হয়নি। ভারতের আইন অনুযায়ী সব দেশের কূটনীতিকদের মতো তাঁদেরও নিরাপত্তার ব্যবস্থা পূর্ণভাবে নিশ্চিত করা হচ্ছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী সব দেশই যেমন প্রতিশ্রুতিবদ্ধ, ভারতও তাই।
পার্লামেন্ট ভবনে দিনভর জল্পনাই ছিল, ভারতের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করবে কি না। তবে সরকারের কেউই এর সদুত্তর দিতে পারেনি। পররাষ্ট্রমন্ত্রী সালমানকে এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও দুঃখ প্রকাশের ইঙ্গিত পাওয়া যায়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ শুধু বলেন, এ ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তাঁরা আশাবাদী। বিষয়টি নিয়ে তাঁরা সংলাপ চালিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্রে অতীতে বহুবার ভারতীয় রাজনৈতিক ও কূটনীতিকদের সঙ্গে অবাঞ্ছিত আচরণ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, বলিউড তারকা শাহরুখ খানকে বিভিন্ন বিমানবন্দরে তল্লাশি চালানো হয়েছে। ভারত কখনো এভাবে প্রতিক্রিয়া দেখায়নি। এবার দেখানোর কারণ আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। সেটি হচ্ছে, দেবযানী দলিত নারী। তাঁকে সমর্থন দিয়ে বিপর্যস্ত কংগ্রেস রাজনৈতিক লাভ-লোকসানের অঙ্ক খুঁজতে চাইছে।