যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাদক পাচারের সুড়ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে মাদক চোরাকারবারিদের আরও একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানান।গত সপ্তাহে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার সান লুইস শহরে অভিযান চালিয়ে মাটির ৫৫ ফুট নিচে ওই সুড়ঙ্গটির প্রবেশপথের খোঁজ পান। এ পথ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে চলাচল করা হয়। সুড়ঙ্গটি লম্বায় ২৪০ গজ। আর প্রস্থ দুই ফুট এবং উচ্চতা ছয় ফুট। এর অভ্যন্তরে আলোকসজ্জা ও বাতাস চলাচলেরও ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের জাতীয়তার বিষয়ে কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর সামরিক বাহিনীর সঙ্গে ওই যৌথ অভিযানে দেশটির সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডো শহরের একটি আইসক্রিম তৈরির কারখানার অভ্যন্তরে সুড়ঙ্গের আরেকটি প্রবেশপথের সন্ধান পাওয়া যায়। এএফপি ও রয়টার্স।