জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনে সম্ভবত ২০০২ সালেই আড়ি পাতা শুরু করে যুক্তরাষ্ট্র। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সাল থেকে এই নজরদারির বিষয়টি ব্যক্তিগতভাবে জানেন। গতকাল রোববার জার্মানির গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।
এদিকে মার্কিন সরকারের গোপন নজরদারি প্রকল্পের বিরুদ্ধে গত শনিবার ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে।
জার্মানির পত্রিকা বিল্ড আম জনটাগ-এর এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান কিথ আলেকজান্ডার ২০১০ সালে প্রেসিডেন্ট ওবামাকে জার্মান চ্যান্সেলরের মুঠোফোনে আড়ি পাতার বিষয়টি জানান। কিন্তু ওবামা তা বন্ধ করতে না বলে বরং চালিয়ে যাওয়ার পক্ষে নিজের অবস্থানের কথা জানান।
জার্মানির বহুল প্রচারিত সাময়িকী ডের স্পিগেল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০০২ সালে আড়ি পাতার জন্য যেসব ফোনের তালিকা করেছিল, তাতে ম্যার্কেলের মুঠোফোনও ছিল। তখন থেকে শুরু করে গত জুনে ওবামার জার্মানি সফরের কয়েক সপ্তাহ আগ পর্যন্ত ম্যার্কেলের মুঠোফোনে নজরদারি করা হয়। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ডের স্পিগেল এসব বিষয় প্রকাশ করে।
চ্যান্সেলর ম্যার্কেলের ফোনে মার্কিন গোয়েন্দাগিরির ঘটনায় ক্ষুব্ধ জার্মানি বিষয়টি তদন্তের জন্য ওয়াশিংটনে পাঠাচ্ছে তাদের গোয়েন্দাপ্রধানকে। তবে এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা সুসান রাইস বলেন, ওবামা জার্মান চ্যান্সেলরের ফোনে নজরদারির বিষয়ে কিছুই জানতেন না।
যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নেতৃবৃন্দের ওপর নজরদারি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে বিশেষ করে আলোচনায় এসেছে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের নাম।
পরিস্থিতি এতটাই গুরুতর যে, জাতিসংঘে জার্মানি ও ব্রাজিলের প্রতিনিধিরা অতিরিক্ত মার্কিন নজরদারির বিরুদ্ধে প্রস্তাবের খসড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন। জাতিসংঘের কয়েকজন দূত জানিয়েছেন, ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ওই প্রস্তাব উত্থাপন করা হবে।
কোনো দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানতে বাধ্য নয়। তবে এই পরিষদে পাস হওয়া প্রস্তাব আন্তর্জাতিক মহলে নৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইতালির ফোনে নজরদারির অভিযোগ: ইতালির ফোনকল ও অনলাইন তৎপরতায় বিশাল আকারে নজরদারি করেছে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো। স্নোডেনের বরাত দিয়ে ইতালির সাপ্তাহিক এল’এসপ্রেসো এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা মার্কিন ও ব্রিটিশ নজরদারিকে ‘অমার্জনীয় ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।