মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘সত্যিই বিশেষ কিছু’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করলে বিশ্ব আরও নিরাপদ, আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। গত মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে হোয়াইট হাউসে তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন দুই দেশের সম্পর্ককে ‘প্রয়োজনীয়’ বলে উল্লেখ করেন।বৈঠকে দুই নেতা মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) দায়িত্বে থাকা মার্কিন তেলক্ষেত্রের বর্তমান পরিস্থিতি, লকারবিতে বিমানে হামলাকারীর মুক্তি, আফগানিস্তান যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ক্যামেরন যুক্তরাজ্য সফরের জন্য প্রেসিডেন্ট ওবামাকে আমন্ত্রণ জানান।সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্বার্থেই মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্র থেকে তেল নিঃসরণ বন্ধ ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিপির সাফল্য কামনা করি।’ তেল নিঃসরণ স্থায়ীভাবে বন্ধ করা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার অবস্থানকে সমর্থন করেন তিনি। লকারবিতে বিমান হামলাকারী লিবিয়ার নাগরিক আবদেল বাসেত আল-মেগরাহির মুক্তি প্রসঙ্গে ক্যামেরন বলেন, ‘আমি এক বছর আগেই বলেছি, এটি ভুল সিদ্ধান্ত ছিল। মেগরাহিকে মুক্তি দেওয়া উচিত হয়নি।’ মেগরাহির মুক্তির পেছনে বিপির হাত থাকার বিষয়টি নাকচ করে দিয়ে ক্যামেরন বলেন, ‘বিপি মেগরাহিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না। স্কটল্যান্ডের সরকারের সিদ্ধান্তে মুক্তি পান মেগরাহি।’ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অভিযোগ করেন, লিবিয়ার সঙ্গে ব্যবসার খাতিরে সে দেশের নাগরিক মেগরাহিকে মুক্তি দেওয়ার ব্যাপারে কাজ করেছিল বিপি। এদিকে স্কটল্যান্ডও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড গতকাল বুধবার বলেন, ‘মেগরাহির মুক্তির ব্যাপারে বিপি আমাদের সঙ্গে কখনোই কোনো ধরনের যোগাযোগ করেনি।’ ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি শহরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি বিমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি মেগরাহিকে ২০০১ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্যানসারে আক্রান্ত মেগরাহিকে মানবিক দিক বিবেচনা করে গত বছর মুক্তি দেয় স্কটল্যান্ডের সরকার। এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রের প্রশাসন। ওই হামলায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন মার্কিন।আফগান যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনাদের প্রতি শ্রদ্ধা জানান দুই নেতা। প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আফগানিস্তানে আমরা সঠিক কৌশলেই আছি। আমরা তালেবানের অবস্থান দুর্বল করে দিয়েছি। সেখানে আফগানদের তৈরি করছি, যাতে তারা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তান থেকে তার সেনা প্রত্যাহার শুরু করতে চায়।প্রধানমন্ত্রী ক্যামেরন পাঁচ বছরের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে চান। তবে ২০১৪ সালের মধ্যে সেনা প্রত্যাহার করলে আফগান সেনাসদস্যরা দায়িত্ব নিতে পারবেন কি না, সে ব্যাপারে অনেকেই সংশয় প্রকাশ করেন। এ প্রসঙ্গে ক্যামেরন বলেন, ‘২০১৪ সাল আসতে এখনো অনেক দেরি। আশা করি, এ সময়ের মধ্যেই তারা সেই সামর্থ্য অর্জন করবে।’ সিনেটরদের সঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে বৈঠক করেছেন চারজন মার্কিন সিনেটর। তাঁরা মেগরাহির মুক্তির বিষয়ে তদন্তের জন্য প্রধানমন্ত্রী ক্যামেরনের প্রতি আহ্বান জানান। ডেমোক্র্যাট দলীয় সিনেটর চুক শুমার, কারস্টেন গিল্লিব্রান্ড, ফ্রাঙ্ক লটেনবার্গ ও রবার্ট মেনেন্ডেজ গত মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। গিল্লিব্রান্ড বলেন, মেগরাহির মুক্তির ঘটনায় তদন্ত প্রয়োজন, এটা স্পষ্ট হয়েছে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, বিষয়টি স্কটল্যান্ড সরকারের ব্যাপার। তাদের সিদ্ধান্তেই মেগরাহি মুক্তি পান। বিবিসি, রয়টার্স, এএফপি।