যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সঙ্গে গোয়েন্দা চুক্তি বাতিল করল জার্মানি
জার্মানি স্নায়ুযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে করা গোয়েন্দা চুক্তি গত শুক্রবার বাতিল করেছে। মার্কিন গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে জার্মানি এই সিদ্ধান্ত নিল। তবে উদ্যোগটি মোটের ওপর প্রতীকীই বলা হচ্ছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি তাঁর দেশের গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁস করলে জার্মানিসহ বিশ্বজুড়ে কঠোর সমালোচনা শুরু হয়।
জার্মান একজন কর্মকর্তা বলেন, বাতিল হওয়া চুক্তিটি স্নায়ুযুদ্ধের পর থেকে আসলে তেমন কার্যকর ছিল না। তিনি বলেন, এই চুক্তি বাতিল করা হলেও দেশ দুটির মধ্যে গোয়েন্দাবিষয়ক চলমান সহযোগিতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এ বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই চুক্তি বাতিল করা প্রয়োজন ছিল।’ অন্যদিকে যুক্তরাজ্য বলেছে, চুক্তিটি ১৯৯০ সাল থেকেই অকার্যকর। বিবিসি।