যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আগামী সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করবেন। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।১৯৬৬ সালের পর মিয়ানমারের কোনো ক্ষমতাসীন নেতার এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। এই সফর সামনে রেখে ২০ জনের বেশি রাজবন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমার।মিয়ানমারের একজন মুখপাত্র জানান, বৈঠকে মিয়ানমারের নিরাপত্তাব্যবস্থা ও আইনের শাসনের উন্নতির জন্য মার্কিন সহযোগিতা চাওয়া হবে।থেইন সেইনের কার্যালয়ের পরিচালক জ হতে বলেন, প্রেসিডেন্ট থেইনের এই সফর আসলে মিয়ানমারের সংস্কারের প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বহিঃপ্রকাশ। মিয়ানমারের এই অগ্রগতিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সমর্থন দিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে সংস্কারের ক্ষেত্রে কী কী জটিলতার মুখোমুখি হতে হবে, মিয়ানমার তা কংগ্রেসকে জানাতে চায়।

গত বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, গণতন্ত্রের উন্নয়ন, সাম্প্রদায়িক ও নৃগোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনা হ্রাস এবং অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কীভাবে মিয়ানমারকে সহযোগিতা করতে পারে, প্রেসিডেন্ট ওবামা এ ব্যাপারে জানতে চাইবেন।

প্রায় ৫০ বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে মিয়ানমারে বেসামরিক সরকার ক্ষমতায় বসে। সেই থেকে দেশটিতে শুরু হয়েছে ধারাবাহিক রাজনৈতিক সংস্কার। ফলে যুক্তরাষ্ট্রও দেশটির ওপর থেকে বেশির ভাগ অবরোধ তুলে নেয়।