যুক্তরাষ্ট্র সেনাশক্তি বাড়ালে তা বিপজ্জনক হবে: চীন
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনার ব্যাপারে চীন হুঁশিয়ার করে বলেছে, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে ওই এলাকায় তারা উপস্থিতি বাড়ালে স্বাগত জানানো হবে। কিন্তু সামরিক শক্তি বাড়াতে গেলে তা অসৎ ইচ্ছায় পরিণত হয়ে ‘শান্তির জন্য বিপজ্জনক’ হয়ে উঠতে পারে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার সম্পাদকীয়তে এই মন্তব্য করা হয়।একটি ‘মেদবিহীন’ সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৪৫ হাজার কোটি ডলার ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী হাজার হাজার সেনাসদস্য ছাঁটাই করা হতে পারে। এর বাইরে ঋণসংকটকে কেন্দ্র করে বাজেট ঘাটতি কমানোর ব্যাপারে মার্কিন কংগ্রেস একমত হতে না পারায় চলতি বছরের শেষে আরও ৫০ হাজার কোটি ডলার প্রতিরক্ষা ব্যয় কমানো হতে পারে।ওবামা বলেছেন, আফগান যুদ্ধের গুরুত্ব এখন কমে এসেছে। দেশের অর্থনৈতিক সক্ষমতাকে ঢেলে সাজানোর দিকেই এখন মার্কিনদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে।তবে পেন্টাগনে একটি অনুষ্ঠানে ওবামা সাংবাদিকদের বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি বাড়ানো হবে। বাজেট কর্তন এই সংকটপূর্ণ অঞ্চলের জন্য কোনো প্রভাব ফেলবে না।মার্কিন ভূমিকা চীনকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে এটা গুরুত্বপূর্ণ। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেনা উপস্থিতি বাড়ালেও যুক্তরাষ্ট্রকে ‘পেশি ফোলানো’ থেকে বিরত থাকতে হবে। কারণ আঞ্চলিক বিরোধ নিরসনে এটা কোনো কাজে আসবে না। বিবিসি।