ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হুগো চাভেজের সরকার মাদক ব্যবসা দমনে ব্যর্থ হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক নতুন প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে দেশটি। তাদের উল্টো অভিযোগ, যুক্তরাষ্ট্রই বিশ্বে মাদকদ্রব্যের সবচেয়ে বড় ভোক্তা দেশ।ওয়াশিংটন এ বছর মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থ দেশগুলোর যে তালিকা তৈরি করেছে তার শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। এ নিয়ে দেশটিকে পরপর চার বছর এ তালিকার শীর্ষস্থানে রাখা হলো। গত শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা এখনো দক্ষিণ আমেরিকার মাদক চোরাকারবারিদের সবচেয়ে পছন্দের রুট হিসেবে রয়ে গেছে।পরদিন শনিবার যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে উল্টো অভিযোগ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রই বিশ্বে মাদকদ্রব্যের সবচেয়ে বড় ভোক্তা দেশ। তাই অন্য দেশের নীতির বিচার করার নৈতিক কর্তৃত্ব তাদের নেই। এএফপি।