যুক্তরাষ্ট্রই মানবাধিকার লঙ্ঘন করছে: চীন
বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চীন। বেইজিং অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র একদিকে বিদেশে সামরিক অভিযান চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে, অন্যদিকে দেশে অস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে নিজের জনগণের মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে চীনের মানবাধিকার পরিস্থিতিকে ‘শোচনীয়’ বলে উল্লেখ করা হয়।মার্কিন ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে চীনের স্টেট কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ‘নিজের মানবাধিকার পরিস্থিতির শোচনীয়তার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে’, অন্যদিকে নিজেকে ‘বিশ্বের মানবাধিকার পরিস্থিতির বিচারকের’ মতো আচরণ করছে। এতে অভিযোগ করা হয়, মার্কিন রাজনৈতিক দলগুলোর প্রতি বিভিন্ন সংগঠনের অনুদান যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করছে। চীনের প্রতিবেদনটিতে মার্কিন গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অভিযোগ করা হয়, ইরাক ও আফগানিস্তানে মার্কিন হামলায় অসংখ্য বেসামরিক লোক হতাহত হয়েছে। প্রতিবেদনে অস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার উদাহরণ হিসেবে গত জুলাইয়ে কলোরাডো অঙ্গরাজ্যে সিনেমা হলে গুলিতে ১২ জন এবং ডিসেম্বরে কানেটিকাট অঙ্গরাজ্যের একটি বিদ্যালয়ে গুলিতে ২৬ জন নিহত হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে যৌন, বর্ণ ও ধর্মের ইস্যুতে সাংঘাতিক ধরনের বৈষম্যের ঘটনা ঘটছে। অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী সমানভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার পায় না। চাকরির বাজারে জাতিগত আমেরিকান জনগোষ্ঠীও বৈষ্যমের শিকার হয়।মানবাধিকার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি প্রতিবেদন প্রকাশের বিষয়টি এখন প্রতিবছরের প্রথা হয়ে দাঁড়িয়েছে। এএফপি।