যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করেন না কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তিনি আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেন না। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিন দিনের সফরে তিনি এখন নয়াদিল্লিতে।
অনুষ্ঠানে কারজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আফগানিস্তানের ব্যাপারে মুখে এক কথা, আর কাজে অন্য কিছু করার অভিযোগ তোলেন।
ইতিপূর্বে কারজাই প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, হুমকি-ধমকি দিয়ে তাঁকে ২০১৪ সালের পরে আফগানিস্তানে মার্কিন সেনার অবস্থান-সংক্রান্ত দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষরে রাজি করানো যাবে না।
আফগান প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাদের বিশ্বাস করি না।’
কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিটি করতে প্রাথমিকভাবে রাজি থাকলেও পরে বলেন, আফগানিস্তানে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পরই কেবল চুক্তিটি স্বাক্ষর করা যেতে পারে।
কারজাইয়ের অবস্থানে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষ নাগাদ চুক্তিটি স্বাক্ষরিত না হলে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয়।
কারজাই গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন। এএফপি।