বিশ্বের ১৮ স্থানে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রকে ইসলামের অবমাননা বন্ধ করতেই হবে: মিসর
মিসরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল বলেছেন, ইসলাম ধর্মকে যারা ‘অপমান’ করছে, তাদের নিবৃত্ত করতে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মহানবী (সা.)-এর অপমান বরদাশত করা হবে না। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার পর্যায়ে নিয়ে যাওয়ার অধিকার কারও নেই বলেও তিনি মন্তব্য করেন। এদিকে, মুসলিম বিশ্বে মার্কিনবিরোধী বিক্ষোভের কারণে নিরাপত্তার স্বার্থে বিশ্বের ১৮টি স্থানে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইয়েমেন ও লিবিয়ায় সেনা পুনর্বিন্যাস করা হচ্ছে এবং সুদানে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ফরেন পলিসি সাময়িকী।এদিকে ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমসকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা মুসলিম বিশ্বকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। শুক্রবারের তুলনায় গতকাল শনিবার পরিস্থিতি অনেকটা শান্ত ছিল।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ফরেন পলিসি সাময়িকীকে জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় লিবিয়া ও ইয়েমেনে মোতায়েন সন্ত্রাসবাদবিরোধী মেরিন সেনাদের পুনর্বিন্যাস এবং উত্তর আফ্রিকার উপকূলে দুটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে।প্যানেট্টা আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে।’ফরেন পলিসি জানায়, সুদানের খার্তুমে মার্কিন দূতাবাস রক্ষায় ৫০ জন মেরিন সেনার একটি প্লাটুন পাঠানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। তবে পেন্টাগন এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।লিবিয়ায় মার্কিন দূতাবাসে হামলায় নিহত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজনের লাশ গত শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাঁদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বিশ্বে কোথাও যুক্তরাষ্ট্রকে হটিয়ে দেওয়া যাবে না। এ সময় তিনি সব ধরনের সহিংসতার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। কূটনীতিক ও দূতাবাস রক্ষার জন্য মুসলিম দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন। ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রটি আপলোড করার ক্ষেত্রে ব্যবহারবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা পর্যালোচনা করতে ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউবের মালিক সার্চ ইঞ্জিন গুগলকে অনুরোধে জানিয়েছে হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের অনুরোধ প্রত্যাখ্যান করেছে গুগল কর্তৃপক্ষ। এএফপি, বিবিসি, রয়টার্স।