যুক্তরাষ্ট্রকে ড্রোন ফেরত দেবে না ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) ফেরত দেওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইরান। গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারস্ত এ কথা জানান।গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ওবামা ড্রোন আটকের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা ড্রোন বিমান ফেরত চেয়েছি। এখন দেখছি ইরান কীভাবে সাড়া দেয়।’গতকাল ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি বলেন, ‘গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহূত এই ড্রোন এখন ইরানের সম্পদ। এটি নিয়ে কী করা হবে, তা আমাদের দেশ সিদ্ধান্ত নেবে।’ গতকাল রামিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মনে হচ্ছে প্রেসিডেন্ট ওবামা ভুলে গেছেন, আন্তর্জাতিক আইন ভেঙে তাদের ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করে গুপ্তচরবৃত্তি করছিল। এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’ রামিন আরও বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ না করে যুক্তরাষ্ট্র এই অনুরোধ করেছে।গত সোমবার ইরানের পার্লামেন্টারি জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান পারভিজ সরৌরি বলেন, ‘আটক করা মার্কিন মনুষ্যবিহীন বিমানে ব্যবহূত সফটওয়্যারের গোপন সংকেত উন্মুক্ত করার বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে মার্কিন মনুষ্যবিহীন বিমান ঠেকাতে নতুন প্রযুক্তির বিমান তৈরি করা।’গত ৪ ডিসেম্বর একটি মার্কিন ড্রোন আটক করে ইরান। গত সপ্তাহে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সেটি দেখানো হয়। যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করে এবং রাশিয়া বা চীনের সহযোগিতা ছাড়া ড্রোন অকেজো করার মতো প্রযুক্তি ইরানের আছে কি না, সেটা নিয়ে সংশয় প্রকাশ করে।গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত ১৫ জন: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য ১৫ ব্যক্তিকে অভিযুক্ত করেছে ইরান। এএফপি।