যুক্তরাষ্ট্রকে দেবযানীর সমমর্যাদার কূটনীতিক তুলে নিতে বলল ভারত
যুক্তরাষ্ট্র থেকে কার্যত বহিষ্কার হওয়া কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে বহনকারী বিমানটি ভারতে পৌঁছানোর আগেই পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। যুক্তরাষ্ট্রকে ভারত সাফ জানিয়ে দিয়েছে, দেবযানীর সমমর্যাদার একজন কূটনীতিককে দিল্লির মার্কিন দূতাবাস থেকে প্রত্যাহার করতে হবে। বিবিসি এ খবর জানিয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী গ্রেপ্তার হওয়ার জের ধরে ওয়াশিংটন-দিল্লির মধ্যে যে টানাপোড়েন শুরু হয়, ভারতের এই সর্বশেষ ঘোষণায় তা আরও প্রকট হলো বলে মনে করা হচ্ছে।
আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জ্যেষ্ঠ কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতের পথে রওনা হয়েছেন। এর আগে দেবযানীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্র সরকার। এনবিসির খবরে জানানো হয়, কেন্দ্রীয় গ্র্যান্ড জুরি দেবযানীকে দেশত্যাগের নির্দেশ দেন।
রয়টার্সের খবরে বলা হয়, দেবযানীকে দিল্লিতে বদলি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কৌঁসুলি প্রীত ভারারা ডিস্ট্রিক্ট জাজকে পাঠানো একটি চিঠিতে জানান, খোবরাগাড়ের বিরুদ্ধে এ অভিযোগ বহাল থাকবে। তিনি যদি কূটনৈতিক ছাড় বাদে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন, তবে তাঁকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।
প্রতিক্রিয়ায় দেবযানী বলেছিলেন, ‘অভিযোগ থেকে অব্যাহতি পেতে আমার যে কূটনৈতিক অধিকার আছে, সেটা আমি আদালতকে দেখাব। এর পরই আমি যুক্তরাষ্ট্র ত্যাগ করব।’
তবে আদালতে কূটনৈতিক অধিকারের বিষয়টি নিষ্পত্তি করার আগেই আজ যুক্তরাষ্ট্র ছাড়লেন দেবযানী।
গৃহপরিচারিকার ভিসার আবেদনে তথ্য জালিয়াতি এবং তাঁকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার অভিযোগে গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়। এ ঘটনায় ভারতজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। এর জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।