যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি ভেনেজুয়েলার
বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান উত্তেজনার জের ধরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে ভেনেজুয়েলা। দুই দেশের মধ্যকার বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কারাকাস।নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, বুর্জোয়াদের সঙ্গে কোনো চুক্তি নয়। কোনো ভুল করা যাবে না।পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জাউয়ার মন্তব্য পুনর্ব্যক্ত করেছেন মাদুরো। জাউয়া এক দিন আগে ইকুয়েডরে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বা যেকোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলে আমরাও বাণিজ্য, জ্বালানি, অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেব। যেটা প্রয়োজন মনে করব, সেই ব্যবস্থাই নেব।’ভেনেজুয়েলায় ১৪ এপ্রিল হুগো চাভেজ-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাদুরো সামান্য ব্যবধানে বিজয়ী হন। বিরোধীরা ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। ভোটের ফলাফলের ওপর আস্থা তৈরি করতে পুনরায় ভোট গণনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন ভূমিকার জবাবেই ভেনেজুয়েলা এ হুমকি দিয়েছে। এএফপি।