যুক্তরাষ্ট্রকে বাইরে রেখেই ইরানকে নয়া নিশ্চয়তা দিল পাঁচ দেশ

উফ্, কী হচ্ছে বিশ্বে? এই কয়েক দিন আগেই জি-এইট সম্মেলনে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ দেখা গেল মিত্রদেশগুলোর। বাণিজ্য শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে রীতিমতো একহাত হয়ে যায় ট্রাম্পের। এবার তো যুক্তরাষ্ট্রকে বাইরে রেখেই ইরানকে নয়া নিশ্চয়তা দিল পাঁচ দেশ।
ডোনাল্ড ট্রাম্পকে ছাড়াই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি রক্ষার জন্য চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিকরা আগামীকাল শুক্রবার বৈঠকে বসবেন। এই প্রথম যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বৈঠকে বসতে যাচ্ছেন এই পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
গতকাল বুধবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে ভিয়েনায় বৈঠকে বসবেন তাঁরা।
ভিয়েনায় সফররত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে এক বৈঠকে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন বলেন, ‘অস্ট্রিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের জন্য সহযোগিতা কাঠামো বজায় রাখতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হবে—ট্রাম্পের এমন হুমকি ইউরোপীয় কোম্পানি এবং ব্যক্তিদের অধিকার লঙ্ঘন করেছে।’
আলেক্সান্ডার ভ্যান ডার বেলেনের আমন্ত্রণে সাড়া দিয়ে ভিয়েনা সফরে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। বৈঠকে হাসান রুহানি বলেন, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে থাকবে, যদি চুক্তি স্বাক্ষরকারী অন্য দেশগুলো সুবিধা নিশ্চিত করে। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা লাভবান হব, ততক্ষণ পর্যন্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ ছেড়ে আমরা যাব না।’
বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ ও দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ ইরান ইইউভুক্ত দেশগুলোর কাছে ইরান চুক্তি রক্ষার জন্য একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক পদক্ষেপ দাবি করে আসছে।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি পারমাণবিক চুক্তি করেছিল ইরানের সঙ্গে। বারাক ওবামা তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। চুক্তির মূল বিষয় ছিল ইরান পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যেকোনো পরমাণু স্থাপনায় যেকোনো সময় পরিদর্শন করতে পারবে। অর্থাৎ ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে নজরদারির মধ্যে রাখতে পারবে। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হয়েছিল।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পক্ষ থেকে আবার নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছেন ইরানের ওপর। গত মে মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেন। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যাতে সরে না যায়, সে জন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছিলেন, তবে তারা ব্যর্থ হয়।