যুক্তরাষ্ট্রগামী বিমানে করে চীন ছেড়েছেন ভিন্নমতাবলম্বী চেন
গৃহবন্দিত্ব থেকে নাটকীয়ভাবে পালিয়ে আসা চীনা ভিন্নমতাবলম্বী অন্ধ চেন গুয়াংচেং অবশেষে দেশ ছেড়েছেন। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রগামী একটি বাণিজ্যিক বিমানে চড়ে চেন বেইজিং ছাড়েন বলে জানিয়েছেন তাঁর একজন বন্ধু, যাঁর সঙ্গে চেনের মুঠোফোনে কথা হয়েছে।যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক চায়না-এইড নামের একটি খ্রিষ্টান মানবাধিকার গ্রুপের প্রেসিডেন্ট বব ফু বলেন, চেন তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনাইটেড এয়ারলাইনসের নেওয়ার্কগামী একটি বিমানে চড়ে বেইজিং থেকে যাত্রা শুরু করেন। এর আগে সকালে তিনি বন্ধুদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথোপকথনের সময় চেন বলেন, সাত বছরের অবর্ণনীয় যন্ত্রণাদায়ক অধ্যায় শেষ করে চীন ছাড়তে পেরে তিনি নিজেকে সুখী মনে করছেন। তবে একই সঙ্গে তিনি রেখে যাওয়া আত্মীয়স্বজনের ভাগ্যে কী ঘটবে, তা নিয়ে উদ্বিগ্ন।ফু জানান, কর্মকর্তারা তাঁদের তল্পিতল্পা গুছিয়ে নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়ার আগপর্যন্ত তাঁরা কোথা থেকে কোথায় যাচ্ছেন—সে বিষয়ে পরিবারটির কোনো ধারণাই ছিল না। পরিবারটিকে চায়োইয়াং হাসপাতাল থেকে সরাসরি বেইজিং বিমানবন্দরে নেওয়া হয়। এফপি ও বিবিসি।