যুক্তরাষ্ট্রগামী বিমানে বোমা হামলার ষড়যন্ত্র নস্যাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে আল-কায়েদার হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। অন্তর্বাসে বোমা লুকিয়ে রেখে ওই হামলা চালানোর ষড়যন্ত্র করা হয়েছিল।মার্কিন কর্মকর্তারা গত সোমবার জানান, ২ মে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন হত্যার বর্ষপূর্তি সামনে রেখে যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী একটি বিমানে হামলার ষড়যন্ত্র করে আল-কায়েদার আরব উপদ্বীপ (একিউএপি) শাখা। তবে দক্ষতার সঙ্গে তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেন থেকে একটি হাতে তৈরি বোমা উদ্ধার করে। তবে হামলার জন্য নির্দিষ্ট কোনো ফ্লাইটের টিকিট কেনেনি ষড়যন্ত্রকারীরা।ওই ঘটনার উল্লেখ করে ভারত সফররত হিলারি গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে বলেন, ‘এই হামলার ষড়যন্ত্র এটাই প্রমাণ করে, সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালিয়েই যাচ্ছে...কোনো কিছুর তোয়াক্কা না করে ভয়ংকর পথে তারা নিরীহ ও নিষ্পাপ মানুষ হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ ভারত সফরের শেষদিন হিলারি সাংবাদিকদের আরও বলেন, ‘ওই ঘটনা সবাইকে স্মরণ করিয়ে দেয়, কেন আমরা দেশে ও ভারতের মতো বন্ধুপ্রতিম দেশগুলোকে রক্ষায় সব সময় সতর্ক থাকি।’ হোয়াইট হাউস ও মার্কিন বিভিন্ন সংস্থা জানায়, একিউএপি এই হামলার ষড়যন্ত্র করে। সাধারণ মানুষের জন্য বিপজ্জনক পর্যায়ে যাওয়ার আগেই তা নস্যাৎ করা সম্ভব হয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এক বিবৃতিতে জানায়, ‘বিদেশে আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগীদের সহায়তায় হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে। তারা হত্যাকাণ্ড ঘটানোর জন্য বিমানে হামলার ষড়যন্ত্র করেছিল।’যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, বিমানে নিরাপত্তা এখনো হুমকির মুখে রয়েছে। এবার তারা হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পায়নি। তার পরও আল-কায়েদা বা তার সহযোগী সংগঠনগুলোর হামলার ব্যাপারে তারা দেশে ও বাইরে সতর্ক রয়েছে।২০০৯ সালে বড়দিনে একিউএপি হামলার ষড়যন্ত্র করেছিল। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী একটি বিমানে হাতে তৈরি বোমা নিয়ে উঠে পড়েন নাইজেরিয়ান নাগরিক আবদুল মুত্তালেব। নাইজেরিয়ার লাগোস বিমানবন্দর থেকে তিনি নেদারল্যান্ডের আমস্টারডাম যান। সেখান থেকে ডেট্রয়েটগামী বিমানে ওঠেন। অন্তর্বাসে হাতে তৈরি বোমা রেখেছিলেন তিনি। বিমানবন্দরে তল্লাশির সময় তা ধরা পড়েনি। বিমানে তা বিস্ফোরণ ঘটাতে গিয়ে ব্যর্থ হন মুত্তালেব। যাত্রীরা তাঁকে আটক করেন। মুত্তালেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এএফপি, বিবিসি।