যুক্তরাষ্ট্রগামীবিমানে বোমা হামলার চেষ্টার দায় স্বীকার করলেন লাদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন বড়দিনে যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে ব্যর্থ বোমা হামলার চেষ্টার দায়দায়িত্ব স্বীকার করেছেন। একইসঙ্গে তিনি মার্কিন লক্ষ্যবস্তুতে ফের হামলা চালানোরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।আল জাজিরা টেলিভিশনে গতকাল রোববার প্রচারিত এক নতুন অডিও বার্তায় তিনি এ কথা বলেছেন। খবর এএফপি ও বিবিসির। অডিও বার্তায় লাদেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার নায়কেরা একটা বার্তা দিয়েছিল। এটা তারই ধারাবাহিকতা। ওই হামলার পরবর্তী ধাপই হচ্ছে বড়দিনের হামলার চেষ্টা। এবারের নায়ক হচ্ছেন ওমর ফারুক আবদুল মুতালেব।’ লাদেন বলেন, ‘বার্তাটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষের নিরাপত্তার স্বপ্ন দেখা ঠিক নয়। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারাও নিরাপদ নয়।’ মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শান্তিতে থাকবেন আর গাজায় আমাদের ভাইয়েরা রক্ত ঝড়াবে—এটা ঠিক নয়। ইসরায়েলকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে।’ গত ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিমানবন্দরে অবতরণের আগে একটি যাত্রীবাহী বিমান বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে নাইজেরীয় যুবক ওমর। কিন্তু যাত্রীদের তত্পরতায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। বেঁচে যায় যাত্রী ও ক্রুরা।লাদেনের অডিও বার্তার সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে আল জাজিরা বলেছে, এটি ওসামা বিন লাদেনেরই কণ্ঠ।এর আগে গত সেপ্টেম্বরে লাদেনের ১০ মিনিটের একটি অডিও বার্তা প্রচার করা হয়। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ্য করে বলেন, ‘ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আপনার নেই।’