আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা যুক্তরাষ্ট্রে আবারও বিমান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত শুক্রবার এ আশঙ্কার কথা প্রকাশ করে দেশজুড়ে সতর্কতা জারি করেছে। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্যকেন্দ্র ও মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ বছর পূর্তি হচ্ছে। ২০০১ সালে আল-কায়েদা এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার ১০ বছর পূর্তির কয়েক দিন আগে সেই আল-কায়েদার হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হলো। বিশ্বের রাজনীতি পাল্টে দেওয়ার এ দিনটিকে যুক্তরাষ্ট্রে ‘ভয়াল ১১ সেপ্টেম্বর’ হিসেবে স্মরণ করা হয়। মার্কিন অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ভয়াবহ ওই হামলার প্রথম বর্ষপূর্তি এবার। গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের এক বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন।যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করা হলেও আল-কায়েদার হামলা চালানোর কোনো বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। এটি এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জারি করা। পাঁচ পৃষ্ঠার সতর্কবাণীতে বলা হয়, এবার আল-কায়েদা ছোট ছোট যাত্রীবাহী বিমানে করে হামলা চালাতে পারে। পরিবর্তিত কৌশল হিসেবে আল-কায়েদা কোনো পশ্চিমা মিত্র দিয়ে এ হামলা চালাতে পারে। সতর্কবাণীতে আরও বলা হয়, হামলা চালানোর জন্য আল-কায়েদা ও এর সহযোগী সংগঠনের সদস্যদর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের জন্য পাশ্চাত্য বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়েছে। হয়তো ইউরোপের কোনো দেশে বা যুক্তরাষ্ট্রেই এই প্রশিক্ষণ চলছে। যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। হামলার পরিকল্পনার কোনো সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ম্যাথিউ চ্যান্ডলার বলেন, সংশ্লিষ্ট সব বিভাগে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। সতর্কতা, সচেতনতা ও পর্যবেক্ষণ বাড়াতে এটা করা হয়েছে।যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের নিরাপত্তা এক দশক আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। তার পরও বিমানে করেই আল-কায়েদার হামলার আশঙ্কা করা হচ্ছে। ছোট আকারের বিমানে করে হামলার হুমকি অবশ্য নতুন কিছু নয়। ২০০২ সালে মার্কিন কর্তৃপক্ষ জানায়, উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ছোট বিমান দিয়ে হামলার পরিকল্পনা করেছিল আল-কায়েদা। মার্কিন গোয়েন্দারা সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। ২০০৩ সালেও আল-কায়েদার এমন একটি হামলার চক্রান্ত নস্যাৎ করে দেয় মার্কিন গোয়েন্দারা। পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসে ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল।