যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিওকে দায়ী করলেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের জন্য বিদেশি অর্থায়নে পরিচালিত অলাভজনক কয়েকটি সংস্থাকে (এনজিও) দায়ী করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। যুক্তরাষ্ট্রভিত্তিক সায়েন্স সাময়িকীতে ভারতীয় প্রধানমন্ত্রীর এ বক্তব্য গতকাল শুক্রবার প্রকাশিত হয়।মনমোহন বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি এনজিওর কারণে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলো বাধার মুখে পড়েছে। ভারতের বিদ্যুতের চাহিদা পূরণে সরবরাহ বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টি বিদেশি ওই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে উপলব্ধি করে না।সায়েন্স সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারটি মনমোহনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে মনমোহন বলেন, ভারতের জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অংশ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সমর্থন করে।ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি অনেকটাই কয়লার ওপর নির্ভরশীল। তবে সরকার পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চাইছে। বর্তমানে পারমাণবিক থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৩ শতাংশেরও কম। ২০৫০ সালের মধ্যে এ পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করতে চায় ভারত। কিন্তু রাশিয়ার সহায়তায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুতে বড় আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগের প্রতিবাদ করছে স্থানীয় ব্যক্তিরা। ফলে কুডানকুলাম এলাকায় প্রস্তাবিত এক হাজার মেগাওয়াট ক্ষমতার ওই দুটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ স্থগিত করতে হয়েছে সরকারকে। ভারতের পশ্চিমাঞ্চলীয় জৈতাপুর বন্দরের কাছে একটি পারমাণবিককেন্দ্র স্থাপনের বিরুদ্ধে গত বছরের এপ্রিলে সহিংস বিক্ষোভ হয়। ওই সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়। পরিবেশবাদীরা ভারতে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে সোচ্চার।এ ছাড়া জেনেটিক খাবারের উৎপাদন বাড়ানোর বিষয়টিও সমর্থন করেন মনমোহন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর সহায়তায় পরিচালিত বিভিন্ন এনজিওর বিরোধিতা প্রসঙ্গে মনমোহন বলেন, ওই দেশগুলো ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যা বুঝতে পারে না।ভারত ২০১০ সালে প্রথমবারের মতো জেনেটিক খাবার বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তবে দেশের নাগরিক সমাজ, বিজ্ঞানী ও কয়েকটি রাজ্য সরকারের প্রতিবাদের মুখে ওই উদ্যোগ স্থগিত রাখা হয়। এএফপি।