যুক্তরাষ্ট্রে অচলাবস্থা আরও ঘনীভূত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেবা খাতে অর্থ বরাদ্দ নিয়ে সৃষ্ট অচলাবস্থা গতকাল সোমবার দ্বিতীয় সপ্তাহে পড়েছে। কিন্তু অচলাবস্থা নিরসনে কংগ্রেসে জোরালো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এরই মধ্যে দেশটির ঋণসীমা নিয়ে নতুন অচলাবস্থার সৃষ্টি হতে যাচ্ছে। ১৭ অক্টোবর বর্তমান ঋণসীমা শেষ হচ্ছে।
রিপাবলিকান নেতা ও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার এবিসি নিউজকে বলেন, ‘নতুন সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনায় বসতে চাই। কিন্তু প্রেসিডেন্ট না চাইলে দেশ ঝুঁকিতে পড়বে।’
অর্থমন্ত্রী জ্যাক লিউ বর্তমান পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেন, ‘কংগ্রেস আগুন নিয়ে খেলছে।’
শুধু ওবামা বা ডেমোক্র্যাট নেতারা নন, রিপাবলিকানরাও অনড় অবস্থানে। তাই জ্যাক লিউয়ের মতো বর্তমান অচলাবস্থায় অনেকেই চরম আশঙ্কা প্রকাশ করছেন।
সেবা খাতে অর্থ বরাদ্দ নিয়ে অচলাবস্থা শুরুর পর সরকারের ঋণসীমা বৃদ্ধির কথা ওঠে। এই ঋণসীমা ১৬ দশমিক ৭০ লাখ থেকে বৃদ্ধির সময়সীমা ১৭ অক্টোবর শেষ হচ্ছে। কিন্তু এখন অচলাবস্থা ও ঋণসীমা বৃদ্ধির বিষয়টি যেন একীভূত হয়েছে। এর আগে মার্কিন রাজস্ব বিভাগ বলে, ঋণসীমা বাড়ানো না হলে দেশ ‘মহাদুর্যোগে’ পড়তে পারে।
সংকটের শুরু ৩০ সেপ্টেম্বর থেকে। নতুন বছরে সেবা খাতে অর্থ বরাদ্দের প্রয়োজন হলে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যরা ওবামা প্রশাসনকে শর্ত দিয়ে বসেন, ওবামার স্বাস্থ্যসেবা প্রকল্প অন্তত এক বছর পিছিয়ে দিতে হবে। তাহলেই কেবল নতুন অর্থ বরাদ্দে সম্মতি দেবেন তাঁরা।